Phansidewa | বেসরকারি সংস্থায় ঢুকে হামলা ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার বিজেপি জেলা কমিটির সদস্য নিরঞ্জন বিশ্বাস

ভিডিও/VIDEO
Spread the love


ফাঁসিদেওয়া: রাতের অন্ধকারে বেসরকারি সংস্থায় দাদাগিরি চালিয়ে মারধর ও টাকা তোলার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি (BJP) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম নিরঞ্জন বিশ্বাস। তিনি শিলিগুড়ি (Siliguri) বিজেপি জেলা কমিটির সদস্য তথা এসসি-এসটি মোর্চার প্রাক্তন জেলা সভাপতি এবং ঘোষপুকুর মণ্ডলের প্রাক্তন সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ফাঁসিদেওয়ার (Phansidewa) আমবাড়ি এলাকায় কয়লার একটি বেসরকারি কোম্পানিতে চড়াও হন ওই বিজেপি নেতা। অভিযোগ, জোরপূর্বক সংস্থায় ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি মোটা অঙ্কের টাকা না দিলে কোম্পানি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দাবি অনুযায়ী টাকা না মেলায় মারধর করারও অভিযোগ ওঠে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

এরপর গত শনিবার আক্রান্ত রাজা কুমার জয়সওয়াল ফাঁসিদেওয়া থানায় নিরঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে।

গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতাকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

The submit Phansidewa | বেসরকারি সংস্থায় ঢুকে হামলা ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার বিজেপি জেলা কমিটির সদস্য নিরঞ্জন বিশ্বাস appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *