Uploaded By: Shahini Bhadra
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে দুর্যোগের মেঘ। মঙ্গলবার থেকেই গোটা রাজ্যে বাড়বে বৃষ্টির দাপট ও কালবৈশাখীর সম্ভাবনা। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী তিন দিনে তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও আবহাওয়া একই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। গোটা সপ্তাহজুড়েই উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা রয়েছে। রয়েছে। বুধবার থেকে পরিস্থিতির আরও পরিবর্তন হবে। দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতেও কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। পূর্ব বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
