Paneer | শক্ত পনির নিমেষেই হবে তুলতুলে, রইল সহজ ঘরোয়া কিছু কৌশল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিরামিষ রান্নায় পনির বা ছানা অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান (Paneer)। শাহি পনির, কোপ্তা কিংবা পরোটা—সব পদেই এর জুড়ি মেলা ভার। তবে অনেক সময় ফ্রিজে রাখার পর পনির তার স্বাভাবিক তুলতুলে ভাব হারিয়ে রবারের মতো শক্ত হয়ে যায়। ঠান্ডা বাতাসে আর্দ্রতা হারিয়ে শক্ত হয়ে যাওয়া পনির মাত্র ১০ মিনিটে নরম করার সহজ উপায় জেনে নিন।

শক্ত পনির নরম করার ট্রিক:

হালকা গরম জল: একটি পাত্রে ইষদুষ্ণ বা হালকা গরম জল নিয়ে শক্ত পনিরের টুকরোগুলো তাতে ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। গরম জলের ভাপ পনিরের ভেতরে প্রবেশ করে তার স্পঞ্জি ভাব ফিরিয়ে আনবে। এরপর জল ঝরিয়ে রান্না করুন।

পনির দীর্ঘদিন টাটকা ও নরম রাখার কৌশল:

জলে ডুবিয়ে রাখা: পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ঠান্ডা জল নিয়ে পনিরের টুকরো পুরোপুরি ডুবিয়ে ফ্রিজে রাখুন। তবে প্রতিদিন পাত্রের জল বদলে দিতে হবে। এতে পনির ৩-৪ দিন পর্যন্ত তুলতুলে থাকে।

নুন জলের ব্যবহার: পনির ডুবিয়ে রাখার জলে এক চিমটে নুন মিশিয়ে দিলে তা প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এবং ব্যাকটিরিয়া জন্মাতে দেয় না।

ডিপ ফ্রিজিং: পনির দীর্ঘ সময় (৩-৪ সপ্তাহ) সংরক্ষণ করতে চাইলে ছোট কিউব করে কেটে ফয়েল পেপার বা প্লাস্টিক র‍্যাপারে মুড়ে জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে রাখুন। রান্নার কয়েক ঘণ্টা আগে বের করে সাধারণ তাপমাত্রায় আনুন।

খারাপ পনির চেনার উপায়: পনির থেকে অতিরিক্ত টক গন্ধ বের হলে, তাতে হলদেটে বা কালচে ছোপ পড়লে কিংবা ছত্রাক দেখা দিলে তা একেবারেই খাওয়া উচিত নয়। তাই প্রয়োজনমতো পনির কিনে তাজা ব্যবহার করাই শ্রেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *