Dinhata | শিক্ষককে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, দিনহাটা আদালত চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ

শিক্ষা
Spread the love


দিনহাটা: এক অতিথি শিক্ষককে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল। ওই শিক্ষকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার দিনহাটা (Dinhata) মহকুমা আদালত চত্বরে তুমুল বিক্ষোভ দেখাল মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শিক্ষক গ্রেপ্তারের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, যা এদিন আদালত চত্বরে আছড়ে পড়ে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ের এক গেস্ট শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়েরই সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ আনেন ওই ছাত্রী ও তাঁর অভিভাবক। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার (Arrest) করে এবং পরবর্তীতে তাঁকে জেল হেপাজতে পাঠানো হয়।

কিন্তু এই গ্রেপ্তারিকে শুরু থেকেই মেনে নিতে পারেনি পড়ুয়ারা। বুধবার ওই শিক্ষককে ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে—এই খবর পাওয়ার পরেই আদালতের বাইরে জড়ো হতে শুরু করে মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা শিক্ষকের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের দাবি, শিক্ষককে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের জোরালো দাবি, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে স্পষ্ট হয়ে যাবে যে অভিযোগের সঙ্গে ঘটনার বিন্দুমাত্র কোনো মিল নেই। সিসিটিভি (CCTV)-তে এমন কোনো ঘটনার প্রমাণ না থাকা সত্ত্বেও কী করে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করল, সেই প্রশ্ন তুলেছে পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। আইন আদালত ও তদন্ত প্রক্রিয়ার মধ্যে সত্যতা কতখানি লুকিয়ে আছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *