Pan Masala Packaging | প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহারে নিষেধাজ্ঞা! পানমশলার প্যাকেজিংয়ে বড় বদল আনল কেন্দ্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পানমশলার মোড়ক (Pan Masala Packaging) ব্যবহারে বড়সড়ো পরিবর্তন আনল ভারতীয় খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা (FSSAI)। পরিবেশ সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করতে পানমশলার প্যাকেজিংয়ে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল এবং মেটালাইজড স্তরের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে (Packaging ban)। সোমবার কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (প্যাকেজিং) অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬’ প্রকাশ করে এই নতুন নির্দেশের কথা জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পানমশলা বিক্রির জন্য কেবল প্লাস্টিকমুক্ত কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যাবে। তবে এই কাগজের প্যাকেজিংয়ের ভেতরে বা বাইরে কোনও ধরনের পলিথিন, পলিপ্রোপিলিন, পিভিসি বা কৃত্রিম পলিমারের প্রলেপ থাকা চলবে না। এমনকি কাগজ দিয়ে তৈরি হলেও ভেতরে মেটালাইজড বা অ্যালুমিনিয়াম ফয়েলের স্তর থাকলে তা আইনিভাবে বেআইনি হিসেবে গণ্য হবে। বিকল্প হিসেবে প্রস্তুতকারক সংস্থাগুলি টিন বা কাঁচের কৌটো ব্যবহার করতে পারবে।

নতুন এই নিয়মাবলী ২০১৮ সালের মূল প্যাকেজিং বিধির ‘শিডিউল ৪’-এ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এতে ২০১৬ সালের ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিধি’-র কয়েকটি ধারাও যুক্ত করা হয়েছে। চলতি বছরের ২৮ এপ্রিল এই নিয়মের খসড়া প্রকাশ করে ৬০ দিনের জন্য জনসাধারণ ও সংশ্লিষ্ট মহল থেকে মতামত ও আপত্তি আহ্বান করেছিল এফএসএসএআই। সমস্ত প্রতিক্রিয়া পর্যালোচনার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমোদনে এই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হল।

উল্লেখ্য, এই নিয়মের মাধ্যমে পান মশলা প্রস্তুত বা বিক্রি নিষিদ্ধ করা হয়নি, কেবল এর প্যাকেজিং ব্যবস্থাকে প্লাস্টিকমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই এই নতুন আইন সারা দেশে কার্যকর হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *