উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ইংল্যান্ড সফর শেষ হতেই বড়সড় বিপাকে পাকিস্তানের (Pakistan) একঝাক তারকা ক্রিকেটার। ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস এবং চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগে নাম জড়ানোর পর এবার ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (NCCIA)-র সমন পেলেন মোহাম্মদ রিজওয়ান এবং ইমাম-উল-হক সহ তিন ক্রিকেটার। শুক্রবারই তাদের সাইবার ক্রাইম দপ্তরে তলব করার খবর এক চাঞ্চল্যকর রিপোর্টে প্রকাশ পেয়েছে।
লর্ডসে লজ্জাজনক হারের পর ইংল্যান্ড সফর মাঝপথেই থামিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল ইমাম ও রিজওয়ান সহ সাত ক্রিকেটারকে। শুধু তাই নয়, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সরফরাজ আহমেদ এবং উমর গুলকেও। জল্পনা চলছিল ঠিক কী কারণে পিসিবি (PCB) আকস্মিকভাবে এই কড়া পদক্ষেপ নিল। এবার সেই রহস্যের জট খুলতেই ময়দানে নামল পাকিস্তানের তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, পিসিবির বাজেয়াপ্ত করা এই তারকাদের মোবাইল ফোন থেকেই চাঞ্চল্যকর কিছু তথ্য ও ডেটা উদ্ধার হয়েছে। শুক্রবারের জেরায় ওই ফোনগুলি আনলক করে তা খতিয়ে দেখার নির্দেশ দেবেন তদন্তকারীরা। ড্রেসিংরুমের গোপনীয়তা কীভাবে বাইরে গেল এবং এর নেপথ্যে কোনও ম্যাচ ফিক্সিং বা আর্থিক দুর্নীতির যোগ রয়েছে কি না, তা নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হবে।
রিজওয়ান এবং ইমামের বিরুদ্ধে বিতর্ক অবশ্য নতুন নয়। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে চোটের অজুহাতে ইমামের ব্যাট করতে না নামা নিয়ে প্রবল সন্দেহ দানা বেঁধেছিল, কারণ ম্যাচের চতুর্থ দিনেও তাঁকে টেপ বাঁধা পায়ে প্র্যাকটিস করতে দেখা যায়। অন্যদিকে, শৃঙ্খলাভঙ্গ ও অপেশাদার আচরণের জেরে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন উইকেটকিপার ব্যাটার রিজওয়ানও। এই ঘটনার জেরে দলে ব্যাপক রদবদল ঘটিয়ে একাধিক নতুন ও আনক্যাপড মুখকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সাইবার ক্রাইমের এই সাঁড়াশি অভিযানে পাক ক্রিকেটে এখন চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

