উত্তরবঙ্গ সংবাদ অনলাইবন ডেস্কঃ দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ষোলোতম জনগণনার (Census) কাজ। আজ থেকে পশ্চিমবঙ্গেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডিজিটাল জনগণনা। আগামী ১৫ অগাস্টের মধ্যে সাধারণ মানুষ ঘরে বসেই অনলাইনে ‘সেলফ এনুমারেশন’ (On-line self enumeration census) বা স্ব-শুমারির মাধ্যমে নিজেদের ফর্ম পূরণ করতে পারবেন। এরপর আগামী ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন জনগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীরা। এমনকি এর পর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনসুমারি চলবে আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঘরে বসে অনলাইনে কীভাবে এই জনগণনার ফর্ম পূরণ করবেন এবং কোন কোন ধাপ অনুসরণ করতে হবে, এক নজরে দেখে নিন তার সম্পূর্ণ নির্দেশিকা:
অনলাইনে সেলফ এনুমারেশন ফর্ম পূরণের ধাপসমূহ:
১. ওয়েবসাইট ভিজিট: প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://se.census.gov.in-এ যেতে হবে। সেখান থেকে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নিয়ে ‘OK’ ক্লিক করতে হবে।
২. প্রাথমিক তথ্য ও ওটিপি: এরপর পরিবারের প্রধানের নাম এবং তাঁর মোবাইল নম্বর দিতে হবে। ই-মেল আইডি ঐচ্ছিক (না দিলেও চলবে)। নির্দিষ্ট ক্যাপচা কোড দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে, যা দিয়ে তা ভেরিফাই করতে হবে।
৩. ভাষা নির্বাচন: পরবর্তী পেজে পছন্দের ভাষা নির্বাচন করে আবারও নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।
৪. লোকেশন ও ল্যান্ডমার্ক: এরপর নতুন পেজে নিজের জেলা বেছে পিনকোড এবং এলাকার উল্লেখযোগ্য স্থান বা ল্যান্ডমার্ক উল্লেখ করতে হবে। স্ক্রিনে থাকা ম্যাপে লাল রঙের মার্কার দিয়ে নির্দিষ্ট ল্যান্ডমার্ক সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
৫. বাড়ির বিবরণ: পরবর্তী পেজে আপনার বাড়ির বর্তমান অবস্থা সংক্রান্ত নানা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
৬. তথ্য যাচাই ও সাবমিট: তথ্য পূরণের পর পুরো ফর্মটি বারবার খুব ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে ভুল সংশোধন করে তবেই সাবমিট করুন। আপনি চূড়ান্তভাবে ফর্ম জমা দিতে চান কি না তা জানতে চাওয়া হবে, সেখানে ‘ইয়েস’ বা ‘হ্যাঁ’ করলেই ফর্ম জমা হয়ে যাবে।
৭. ইউনিক আইডি সংরক্ষণ: ফর্ম সফলভাবে জমা হওয়ার পর ১১ সংখ্যার একটি ইউনিক আইডি বা ‘এসই আইডি’ (SE ID) দেওয়া হবে। এটি অত্যন্ত যত্ন সহকারে লিখে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। পাশাপাশি এসএমএস ও ই-মেলেও এই আইডি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে যখন গণনাকারী আপনার বাড়ি আসবেন, তখন তাঁকে এই ‘এসই আইডি’ দেখাতে হবে।
বিশেষ সতর্কতা:
অনলাইনে সেলফ এনুমারেশন ফর্ম পূরণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে পরিবারের প্রধানের নাম এবং মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো যেন ভুলভ্রান্তি না হয়, সেদিকে কড়া নজর রাখুন। কারণ একবার নথিভুক্ত করার পর পরিবারের প্রধানের নাম আর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাই ঠান্ডা মাথায় সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করেই ফর্ম সাবমিট করুন।

