উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের রাস্তায় এক দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সূত্রের খবর, সানবার্ন ফেস্টিভ্যালে বিশ্বখ্যাত ডেভিড গেটার (David Guetta) কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে এক মদ্যপ চালকের গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর নোরার টিম তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় কোনও আঘাত পরীক্ষা করতে চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান (CT Scan) করান। চিকিৎসকরা জানিয়েছেন, ধাক্কার প্রভাবে নোরার শরীরে সামান্য ‘কনকাশন’ (Concussion) বা মৃদু আঘাত লেগেছে।
চিকিৎসকরা নোরাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও তিনি তাঁর কর্মপ্রতিশ্রুতি থেকে সরে আসেননি। পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা সেরে সোজা পৌঁছে যান সানবার্ন ২০২৫-এর মঞ্চে। যন্ত্রণাকে উপেক্ষা করেই ডেভিড গেটার সঙ্গে নির্ধারিত পারফরম্যান্সে অংশ নেন নোরা।
