নয়াদিল্লি: প্রথম বাবা হতে যাচ্ছেন এক হাসপাতাল (Hospital) কর্মী। স্ত্রীর পাশে থাকতে মরিয়া তিনি। এজন্য ম্যানেজারের কাছে মাত্র দু’দিনের ছুটি চেয়েছিলেন। পাননি।
স্ত্রীর প্রসবের (Childbirth) সময় তাঁর পাশে থাকা দরকার স্বামীর। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই এক মিশ্র অনুভূতি কাজ করে ওই ব্যক্তির মনে। একদিকে নতুন অতিথি আসার আনন্দ, অন্যদিকে স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছেন, তাঁর সেই যন্ত্রণাক্লিষ্ট মুখ- এই আবহে ম্যানেজারের অপ্রত্যাশিত ফোন পেয়েছিলেন ওই ব্যক্তি। ম্যানেজার বলেন, ‘লেবার পেইন? বুঝলাম। কিন্তু মিটিং আছে যে। তোমাকে হাসপাতালে থাকতে হবে। কিছু তো করতে হচ্ছে না।’
কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের যে কঠিন মানসিক টানাপোড়েনে ওই ব্যক্তিকে পড়তে হয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তিনি লিখেছেন, ‘কেউ কি আমার অবস্থা বুঝবেন?’ তাঁর পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। কয়েক হাজার নেটিজেন পোস্টটি দেখেছেন। লাইক করেছেন এক হাজারেরও বেশি।
