Nepal Flash Flood | নেপাল বিপর্যয়: মৃত বেড়ে ১৭৭, শোকপ্রকাশ মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে (Nepal Flash Flood) হড়পায় ব্যাপক প্রাণহানি ও চরম ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্যোগে যাঁরা স্বজনহারা হয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বিপদের এই দিনে নেপালের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এই ঘটনায় তিনি মর্মাহত এবং নিখোঁজ ব্যক্তিরা নিরাপদে ফিরে আসুন এই কামনাই করেন তিনি। বিপর্যয়ের এই কঠিন মুহূর্তে নেপালের সাধারণ মানুষের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তিনি উল্লেখ করেন, যে সমস্ত উদ্ধারকারী ও ত্রাণকর্মী প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছেন, তাঁদের এই প্রচেষ্টা নিঃসংকোচে প্রশংসনীয়।

একই সঙ্গে, দুর্যোগে আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করেছেন তিনি। উদ্ধার অভিযান চলার পাশাপাশি এখনও যে সমস্ত মানুষ আটকে রয়েছেন কিংবা নিখোঁজ, তাঁরা যেন দ্রুত ও নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন সেই প্রার্থনাও করেছেন তিনি।

বুধবার নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদী ও লেন্দে খোলায় আচমকা জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে তা ভয়াল রূপ নেয়। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, তিব্বতের দিক থেকে হিমবাহের অংশ ভেঙে কিংবা বরফ ধসের ফলে তৈরি হওয়া হড়পার ফলেই এই বিপর্যয় ঘটেছে। চিনের সরকারি সংবাদসংস্থার খবর অনুযায়ী, বানের ধাক্কায় তিব্বতের গাইরং প্রদেশ সহ বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গিয়েছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, এই ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। পাশাপাশি, বিপর্যস্ত অঞ্চল থেকে শতাধিক বিদেশি পর্যটকসহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

এই প্রাকৃতিক দুর্যোগের আঁচ এসে পড়েছে এ রাজ্যেও। নেপালে বেড়াতে যাওয়া পশ্চিমবঙ্গের একাধিক পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজ্যজুড়ে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। কৈলাস-মানস সরোবর যাত্রা বা সাধারণ ভ্রমণে গিয়ে যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের দ্রুত খুঁজে বের করতে রাজ্য সরকারের পক্ষ থেকেও নেপাল প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি উদ্ধারকাজে সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *