উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে (Nepal Flash Flood) পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯-এ। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১,৯২৪ জন মানুষ। দিন যত গড়াচ্ছে, উদ্ধারকাজে ধ্বংসস্তূপ থেকে ততই নতুন করে মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে গোটা উপত্যকায়।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)-র শুক্রবারের শেষ আপডেট অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫৭৯ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি, গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা ও ত্রাণ তৎপরতা চালাতে ইতিমধ্যেই একটি বিশেষ সার্জিক্যাল মেডিকেল টিমকে মাঠে নামানো হয়েছে। কাঠমান্ডু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান সংকট মোকাবিলায় এবং আটকে থাকা মানুষকে দ্রুত উদ্ধারে সাড়ে ১৫ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
রাজ্যভিত্তিক বা জেলাভিত্তিক ক্ষয়ক্ষতির যে চিত্র সামনে এসেছে, তাতে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে চিতওয়ান জেলায়, যেখানে ২৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পূর্ব নবলপরসীতে ১৫৪ জন, গোর্খায় ৪৬ জন, ধাদিংয়ে ৪০ জন, নুওয়াকোটে ৩৭ জন, তানাহুনে ৩০ জন, পশ্চিম নবলপরসীতে ২৭ জন এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ পাওয়া গিয়েছে। গোর্খা জেলা থেকে উদ্ধার হওয়া তথ্যের মধ্যে বিভিন্ন দেহাংশও অন্তর্ভুক্ত রয়েছে।
নিখোঁজ ১,৯২৪ জনের এই বিশাল তালিকার মধ্যে রয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, বিদেশি নাগরিক, সাধারণ মানুষ এবং বিভিন্ন নিরাপত্তা ও সরকারি দপ্তরের কর্মীরা। এর মধ্যে শুধুমাত্র জলবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকেই ৯৩৩ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, এখনও পর্যন্ত ৫১৭ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ মেলেনি। এই তালিকায় ১২৭ জন প্রবাসী নেপালি নাগরিকও রয়েছেন, যারা বেড়াতে গিয়েছিলেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাসুয়া থেকে ১৬১ জন, মকওয়ানপুর থেকে ৬৬ জন এবং নুওয়াকোট থেকে ১ জন নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তা কর্মীদের মধ্যেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; নিখোঁজদের তালিকায় রয়েছেন ৪৫ জন সেনা কর্মী, ২৮ জন নেপাল পুলিশ কর্মী এবং ১৩ জন সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান। এছাড়া কাস্টমস ও ইমিগ্রেশন দপ্তরের বহু কর্মীও নিখোঁজ। নিখোঁজের তালিকায় রয়েছে ৩২০ ভারতীয়ও।
পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী কাজ করে চলেছে। NDRRMA জানিয়েছে, বর্তমানে উদ্ধারকাজে মাঠে রয়েছেন ১৫,৪৩১ জন নিরাপত্তাকর্মী। যার মধ্যে ৬,৭৫৫ জন নেপাল সেনা, ৪,৪৭৩ জন নেপাল পুলিশ এবং ৪,২০৩ জন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য। এতৎসত্ত্বেও এখনও পর্যন্ত ৪,৪৫১ জন মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। যার মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার করা হয়েছে ১৯১ জনকে। শুক্রবারই আকাশপথে ৫১৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১২৯ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকর্মীদের কাজ কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

