উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে বিতর্কিত NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডের জেরে এবার উত্তাল হলো কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। বৃহস্পতিবার ডোরিনা ক্রসিং চত্বরে সিজেপি (CJP) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারী ও পুলিশের খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র (NEET Protest Kolkata) রূপ নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নামাতে হয় র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) বা র্যাফ।
দেশজোড়া প্রতিবাদের অংশ হিসেবে এদিন কলকাতার রাজপথেও প্রতিবাদ শুরু করেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। আন্দোলনকারীরা সড়কের ওপরেই বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন। সেইসময় ভিড় হটাতে তৎপর হয় পুলিশ। পালটা বোতল ছোড়ার অভিযোগ উঠেছে ককরোচ সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, ব্যারিকেড ভেঙে ছাত্ররা এগোতে চাইলে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং আন্দোলনকারীদের সরাতে ব্যাপক লাঠিচার্জ করে। পুলিশের এই কঠোর পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল এমনকি জুতো ছোড়ার অভিযোগ ওঠে ককরোচ ও বাম সমর্থকদের বিরুদ্ধে। ডোরিনা ক্রসিং চত্বরে দুপক্ষের ধস্তাধস্তিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার অন্যতম ব্যস্ত এই মোড়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও অতিরিক্ত বলপ্রয়োগ করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি নামানো হয় র্যাফ। ছাত্র নেতৃত্বের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দফায় দফায় আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চললেও এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে।

