উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের তুতো ভাই জ্ঞান সিং মান (Gyan Singh Mann) আম আদমি পার্টি (AAP) ছেড়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। তাঁর সঙ্গে আরও একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব পদ্ম শিবিরে নাম লেখালেন।
পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড়। আম আদমি পার্টির দুর্গে বড়সড় ধস নামিয়ে সোমবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এবং পঞ্জাব বিজেপি সভাপতি সুনীল জাখরের (Sunil Jakhar) উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের খুড়তুতো ভাই জ্ঞান সিং মান।
জ্ঞান সিং মানের পাশাপাশি বিজেপিতে যোগ দিয়েছেন:
- বলজিন্দর সিং বার্নালা: বার্নালার বিশিষ্ট ব্যবসায়ী ও এনআরআই।
- মনজিন্দর সিং সাজন খেরা: জালালাবাদের বিধায়ক গোল্ডি কাম্বোজের প্রাক্তন আপ্তসহায়ক।
বিজেপি সভাপতি সুনীল জাখর নবাগতদের স্বাগত জানিয়ে বলেন যে, তাঁরা একসময় পরিবর্তনের আশায় ‘আপ’-এ যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই স্বপ্ন আজ চূর্ণ হয়েছে, তাই তাঁরা পঞ্জাবের উন্নতির জন্য বিজেপি পরিবারে শামিল হয়েছেন।
অমৃতসর, বাটালা, তারন তারান এবং লুধিয়ানার মতো শহরগুলিতে বিজেপি কার্যালয় ও কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান জাখর। তিনি পুলিশ ও সরকারি আধিকারিকদের সতর্ক করে বলেন:
- আধিকারিকরা যেন মনে রাখেন তাঁরা সরকারি কোষাগার থেকে বেতন পান, কোনো রাজনৈতিক দলের থেকে নয়।
- আইন অনুযায়ী কাজ না করলে এবং পদের অপব্যবহার করলে সময়মতো কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্জাবে আপ সরকার “মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার স্টাইলে” অরাজকতা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন জাখর। তিনি স্পষ্ট জানান, পুলিশের সাহায্য নিয়ে চালানো এই “গুন্ডারাজ” এবং ভয় দেখানোর রাজনীতি বিজেপি বরদাস্ত করবে না।
