উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে (NDA Assembly) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে একেবারে প্রথম সারিতে আসন পেলেন সদ্য তৃণমূলত্যাগী তথা এনসিপিআই সদস্য (NCPI) কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, এর মাধ্যমে দিল্লির শাসকজোটে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেল।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে মোদি, শা, রাজনাথ সিং এবং জেপি নাড্ডার সঙ্গেই প্রথম সারির পঞ্চম আসনে বসেন ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’-র মুখ্যসচেতক কাকলি। নিট প্রশ্নফাঁস বিতর্ক এবং আসন পুনর্বিন্যাস বিল নিয়ে যখন সংসদ উত্তাল, ঠিক সেই সময়ে শাসকজোটের এই বৈঠকে কাকলি ও অপর বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, সম্প্রতি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সোমবার রাতেই নবান্নে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সারেন তিনি। এনসিপিআই নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, তাঁরা সংসদে এনডিএ-কে সমর্থন করবেন এবং এলাকার সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর সঙ্গেই আলোচনা করবেন।
তবে এই দলবদল ও জোটপ্রীতি ভালোভাবে নিচ্ছে না ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ সৌগত রায় খোঁচা দিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বিজেপির বিরোধিতা করে জিতে আজ তাঁরা বিশ্বাসঘাতকতা করে বিজেপির জোটে যোগ দিচ্ছেন। এই বিশ্বাসঘাতকতা নিয়ে আর কী বলার থাকতে পারে?’

