উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য যখন টিম ইন্ডিয়া প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই আবহে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন। সূত্রের খবর, ১০ অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার দু’দিন আগে, অর্থাৎ ৮ অক্টোবর, গম্ভীর তাঁর নয়াদিল্লির বাসভবনে পুরো দলকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। সূচি অনুসারে, ভারতীয় দল ৮ অক্টোবর বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করবে এবং তারপরই সরাসরি কোচের বাড়িতে নৈশভোজে যোগ দেবে।
সদ্য এশিয়া কাপ জেতার পর আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ের পর পরই বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রসঙ্গত, এই সিরিজের মধ্যে দিয়েই ভারতীয় ক্রিকেটে এক বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। সম্প্রতি শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। যদিও রোহিত ও বিরাট কোহলি দু’জনেই এই ওয়ানডে সিরিজের দলে রয়েছেন।
এই পদক্ষেপটি কার্যত ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা করল। এর ফলে টেস্টের পাশাপাশি ওয়ানডে ফর্ম্যাটেও গিল এবং গম্ভীর এখন অধিনায়ক-কোচ জুটি হিসাবে কাজ করবেন। অন্যদিকে, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ভার থাকছে সূর্যকুমার যাদবের হাতেই।
