উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কলকাতা থেকে যাদবপুর—রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের রাজনৈতিক বই বিপণি ও বুকস্টলগুলির ওপর একের পর এক হামলার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। এবার সেই তালিকায় সংযোজিত হলো নদীয়া জেলার ফুলিয়া (Nadia CPIM Bookstall Assault)। রাতের অন্ধকারে ফুলিয়া রঙ্গমঞ্চের কাছে ফুলিয়া-তাহেরপুর রোডের ধারের একটি সিপিআইএমের বুকস্টল শুধু ভাঙচুরই করা হয়নি, তাতে আগুন লাগিয়ে দেওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে। সিপিআইএম নেতৃত্বের সরাসরি অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যদিও শাসক শিবির ও অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও ফুলিয়ার শারদ মেলাকে কেন্দ্র করে একটি বুকস্টল করেছিল সিপিআইএম। গত ১৬ অক্টোবর বুকস্টলটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে দলীয় কর্মীদের দাবি, বুকস্টল তৈরি করার সময় থেকেই বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছিল। গত কয়েক বছর ধরে যে নির্দিষ্ট জায়গায় বুকস্টলটি করা হতো, এবার তার ঠিক আগের রাতে সেখানে বিজেপির কর্মীরা জোর করে ব্যানার ও পোস্টার লাগিয়ে দেয়। ফলে বাধ্য হয়েই পুরনো স্থান থেকে প্রায় ৫০-৬০ মিটার দূরে নতুন করে বুকস্টলটি তৈরি করতে হয়।
সিপিআইএমের অভিযোগ, বুকস্টল চালু হওয়ার পর থেকেই প্রশাসনের একাংশের পক্ষ থেকেও সেটি ভেঙে ফেলার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পুলিশ প্রশাসন, মেলা কমিটি এবং মহকুমাশাসকের সঙ্গে কথা বলেই সমস্ত আইনি ও প্রশাসনিক অনুমতি নিয়ে বুকস্টলটি চালানো হচ্ছিল বলে দাবি দলের।
রবিবার গভীর রাতে হঠাৎই ওই বুকস্টলে হামলা চালানো হয়। বাম কর্মী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্টলের ভেতরে থাকা মনীষীদের ছবি, বই রাখার কাঠের স্ট্যান্ড এবং কর্মীদের বসার বেঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়। এরপরে পেট্রল ঢেলে স্টলটিতে আগুন লাগানোর চেষ্টা করা হয়। ঘটনার সময় রাতের দিকে কিছু পথচারী ও সিপিআইএম কর্মীর নজরে বিষয়টি আসায় তাঁরা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানান।
হৈচৈ শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তদের ধরার চেষ্টা হয়। হাতেনাতে দুই সন্দেহভাজনকে পাকড়াও করা হলেও তাদের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অন্য একজনকে ধরে ফেলে এলাকার সিপিআইএম কর্মীরা পুলিশের হাতে তুলে দেন।
এই নৃশংস হামলার ঘটনার পর সিপিআইএমের পক্ষ থেকে শান্তিপুর থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের হাতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল হোতাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড চত্বরে বুকস্টল ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই নদীয়ার ফুলিয়ায় সিপিআইএমের বইয়ের স্টলে আগুন ও ভাঙচুরের এই ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও অনেকটাই বেড়ে গেছে।

