বহরমপুর: সীমান্তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ফের বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নতুন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ উন্নত মানের হেরোইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তির নাম নিমাই সরকার এবং মোমিন সেখ, তাদের বাড়ি আটরসিয়া এলাকায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিখুঁত ছক কষে সোমবার এই অভিযান চালায় লালগোলা (Lalgola) থানার পুলিশ। তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে দফায় দফায় ১,৪৬০ গ্রাম এবং ১,৭০৪ গ্রাম—অর্থাৎ মোট ৩ কেজি ১৬৪ গ্রাম উচ্চমানের হেরোইন উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকারও বেশি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে কোনো বড় আন্তর্জাতিক ড্রাগ পাচার চক্র সক্রিয় রয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের মূল পান্ডাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার বিকেলে ধৃতদের ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে বহরমপুরের বিশেষ এনডিপিএস (NDPS) আদালতে পেশ করা হয়।

