উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দীর্ঘ ২৭ দিন পর অবশেষে অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন তিনি । দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এবং তাঁদের সহায়তায় তিনি পানীয় গ্রহণ করে অনশন ভঙ্গ করছেন এই প্রবীণ পরিবেশকর্মী । সে সময় তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সুরক্ষার দাবিতে দীর্ঘ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন সোনম ওয়াংচুক। মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর মঙ্গলবার গভীর রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ওয়াংচুক জানান, সরকারের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা, সংসদে এই বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে পূর্ণাঙ্গ ও গঠনমূলক আলোচনার আয়োজন করা, আন্দোলনকারী তরুণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক বা আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে স্পষ্ট আশ্বাস মিলেছে বলে জানা গেছে । অনশন প্রত্যাহার প্রসঙ্গে সোনম ওয়াংচুক জানিয়েছেন, দলমত নির্বিশেষে প্রায় ৬৫ জন সংসদ সদস্য (MP) তাঁর কাছে অনশন ভাঙার লিখিত আবেদন জানান। তারা ওয়াংচুককে স্মরণ করিয়ে দেন যে দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর দীর্ঘ কাজের অনেক প্রয়োজন রয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে এবং সরকারের কাছ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার আশ্বাস পেয়ে তিনি বলেন, “আমি দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের ভবিষ্যতের পক্ষে দাঁড়াতেই এই আন্দোলনে নেমেছিলাম। সরকারের আশ্বাস এবং জনপ্রতিনিধিদের অনুরোধকে সম্মান জানিয়ে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার ও অনশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।” সরকারের এই তৎপরতাকে নিট কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

