উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার নবান্নে রাজ্য প্রশাসনের সদর দপ্তরে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা তথা পানিহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ (MLA Ratna Debnath) সোমবার বৈঠক করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Shuvendu Adhikari) সঙ্গে। নবান্নের চোদ্দোতলায় বসে এদিন তিনি নিজের রাজনৈতিক সফরের স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।
নিজের সোশ্যাল মিডিয়ায় রত্না দেবী লেখেন, “সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” এদিন নবান্নের ১৪ তলার যে ঘরে একদা মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন, সেখানেই বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এই প্রসঙ্গ তুলেই রত্না দেবীর খোঁচা, “আজ আমি এবং মমতা (Mamata Banerjee) দু’জনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, আর উনি ওঁর চোদ্দোতলার গদি হারিয়েছেন।” এখানেই থামেননি তিনি; তৃণমূল নেত্রী ও তাঁর দলের আরও ‘করুণ পরিণতি’ দেখার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন। পোস্টের শেষে তিনি লেখেন, “আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা।”
আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে এদিন তিনি ফের সোচ্চার হন। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের পরিধি বৃদ্ধি এবং তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরও অনেকে জড়িত। অভিযুক্তদের নাম সম্বলিত একটি মুখবন্ধ খাম এদিন তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের সময় কর্মরত তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
এদিন রত্না দেবী বলেন, “বিধায়ক হলেও আমার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গিয়েছে। একটাই লক্ষ্য, ন্যায়বিচার পাওয়া।” পাশাপাশি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত অবিচল থাকার অঙ্গীকার করেছেন এই লড়াকু মা।
