শিলিগুড়ি : চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে শিলিগুড়ির তিন নাবালিকার হদিস মিলল। রবিবার সকালে নিউ জলপাইগুিড়ি স্টেশন (এনজেপি) থেকে তাদের উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ওই তিন নাবালিকা কোনওভাবে হাওড়ায় পৌঁছে গিয়েছিল। তারা কীভাবে সেখানে পৌঁছাল, কীভাবে ফিরল, এনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তিন নাবালিকা জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ১৯ নভেম্বর। তার পর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়েরা কোথায় গেল, তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না পরিবার। হঠাৎ তিন নাবালিকা একসঙ্গে উধাও হওয়ায় এলাকায় শোরগোল পড়ে। ওই তিনজনকে অপহরণ করা হয়েছে, নাকি তারা মানবপাচার চক্রের খপ্পরে পড়েছে – এমন প্রশ্ন ঘোরাফেরা করছিল। পরিবারের তরফে প্রধান নগর নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। উৎকণ্ঠার প্রহর শেষে এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় তিন নাবালিকাকে। তাদের প্রধান নগর থানায় নিয়ে আসা হয়। পরে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এদিকে, মেয়েরা বাড়ি ফেরায় স্বস্তিতে অভিভাবকরা।
একটি সূত্র বলছে, তিন নাবালিকার ‘উধাও’ হওয়ার পেছনে নাকি এক ‘মাসি’র হাত রয়েছে। তিনিই নাকি তিনজনকে হাওড়ায় নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তৎপর এবং সংবাদ মাধ্যমে লেখালেখি হতেই নাবালিকাদের এদিন সকালে এনজেপিতে নামিয়ে দিয়ে পগারপার হয়েছেন সেই ‘মাসি’। পুলিশ ঘটনার তদন্ত করছে।
