উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে রাজ্যের ভাগ্যনির্ধারণী ভোট গণনা। কিন্তু তার ঠিক আগের রাতে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee instruction)। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর সাফ বার্তা— “সতর্ক থাকুন, পাহারা দিন এবং রাত জাগুন।” গণনার আগের রাতে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং এবং সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।
রবিবার গভীর রাতে সমাজমাধ্যমে করা একটি পোস্টে তৃণমূলনেত্রী দাবি করেন, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানের আউশগ্রামের মতো জায়গায় দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মমতার অভিযোগ, এই সমস্তটাই করা হচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে। স্ট্রংরুমে সন্দেহজনক গাড়ি যাতায়াত করছে বলেও দাবি করেছেন তিনি।
নিজের উদাহরণ টেনে মমতা লিখেছেন, “আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি, আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন।” কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখলে তৎক্ষণাৎ প্রতিবাদ জানানো এবং সিসিটিভি ফুটেজ দাবি করার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, রবিবার রাতেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিসিটিভি মনিটর ‘কালো’ হয়ে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। এর আগে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে গিয়ে প্রায় চার ঘণ্টা ‘পাহারা’ দিয়েছিলেন খোদ মমতা। গণনার দিন এজেন্টদের মনোবল বাড়াতে মমতার নির্দেশ— “প্রথম দিকে বিপক্ষ জিতছে এমন দেখানো হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টেবিল ছাড়বেন না। দেখবেন শেষে আমরাই জিতেছি।”
