উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে রাজ্যের ভাগ্যনির্ধারণী ভোট গণনা। পানিহাটি বিধানসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা রাজ্যের। তবে গণনার ঠিক আগের রাতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক রহস্যময় ও আবেগঘন পোস্ট করলেন আরজি করের নিহত চিকিৎসকের মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ (RG Kar sufferer mom)। তাঁর পোস্টের শেষ লাইন— “তোমরা আমাকে ভুল বোঝো না”— ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আরজি কর কাণ্ডের আবহে রত্না দেবনাথের রাজনীতিতে আসা ছিল অন্যতম চর্চিত বিষয়। মেয়ের বিচারের লড়াইকে হাতিয়ার করেই পানিহাটির নির্বাচনী ময়দানে নেমেছিলেন তিনি। প্রথম দিকে সাধারণ মানুষের ব্যাপক সহানুভূতি ও সমর্থন পেলেও ভোটের ঠিক মুখে এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। সিপিএম কর্মী ও তাঁর বাবাকে মারধরের ঘটনায় তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে, যার জেরে ২৯ এপ্রিল ভোটের দিন খোদ নিজের কেন্দ্রেই ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল তাঁকে।
রবিবার রাতের পোস্টে রত্না দেবী লিখেছেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব, এই লড়াই চলছেই, চলবে। শুধু তোমরা আমাকে ভুল বোঝো না। প্রথম দিন থেকে যেভাবে পাশে ছিলে, শেষ পর্যন্ত থেকো।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিতর্ক এবং স্থানীয় স্তরে ক্ষোভের যে বহিঃপ্রকাশ ভোটের দিন দেখা গিয়েছিল, তা কি তবে ইভিএমে প্রভাব ফেলেছে? সেই আশঙ্কা থেকেই কি এই আত্মপক্ষ সমর্থনের সুর? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে পানিহাটির অলিতে-গলিতে।
