উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পূর্ব কলকাতার আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Anandapur Hearth) ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সমাজমাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও (Compensation Announcement) করেছেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল’ (PMNRF) থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিপূর্বেই মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আনন্দপুরের নাজিরাবাদে এই অগ্নিকাণ্ডের রেশ কাটেনি এখনো। ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ২৭ জনের নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোট ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে দেহাংশগুলি এতটাই ক্ষতিগ্রস্ত যে ডিএনএ (DNA) পরীক্ষা ছাড়া মৃতের সঠিক সংখ্যা বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। শনাক্তকরণের জন্য নমুনা কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (CFSL) পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন গুদাম মালিক গঙ্গারাম দাস এবং একটি মোমো প্রস্তুতকারী সংস্থার দুই আধিকারিক। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। নিরাপত্তার গাফিলতি খতিয়ে দেখছে প্রশাসন।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং পুলিশের তদন্ত প্রক্রিয়ার তদারকি করেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার।
