কল্লোল মজুমদার, মালদা: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে মালদা শহরের বিস্তীর্ণ এলাকা। দিনের পর দিন জলবন্দি হয়ে থাকতে হয় বাসিন্দাদের। বছরের পর বছর ধরে দুর্ভোগের ছবি কার্যত মালদা (Malda) শহরের পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শহরের পুরোনো অংশ এবং রেললাইনের পশ্চিম দিকে থাকা নীচু এলাকাগুলির বাসিন্দাদের কাছে বর্ষা মানেই আতঙ্ক। অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং প্রাকৃতিক জলনিকাশির পথ বন্ধ হয়ে যাওয়াকেই এই সমস্যার অন্যতম কারণ বলে মনে করেন শহরের বাসিন্দারা।
দীর্ঘদিনের সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বড়সড়ো উদ্যোগ নিতে চলেছে ইংরেজবাজার পুরসভা। শহরের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে প্রায় ৩০০ কোটি টাকার একটি মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অম্লান ভাদুড়ি জানিয়েছেন, প্রকল্পের খরচ বেড়ে ৪০০ কোটি টাকাও হতে পারে।
পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, শহরের নিকাশি ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা। শহরের মূল অংশের জল পরিশোধনের পর ফেলা হবে মহানন্দা নদীতে। অন্যদিকে, সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশের জল পরিস্রুত করে ফেলা হবে চাতরা বিলে। পুরসভার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে শহরবাসী, তেমনই নতুন করে প্রাণ ফিরে পেতে পারে দীর্ঘদিন ধরে অস্তিত্ব সংকটে থাকা চাতরা বিল।
সোমবার দুপুর নাগাদ ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে এই পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চেয়ারম্যান। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সহ পরিবেশ দপ্তর, সেচ দপ্তর এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে আলোচনা। শহরের বর্তমান নিকাশি ব্যবস্থার সমস্যা, জল বের করার পথ, বিভিন্ন নালার সংযোগ এবং জল পরিশোধনের পর কোথায় তা ফেলা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরসভার চেয়ারম্যান বলেন, ‘মালদা শহরের ভৌগোলিক অবস্থানই জল জমার সমস্যাকে আরও জটিল করে তুলেছে। মালদা শহরের গঠন অনেকটা গামলার মতো। একদিকে মহানন্দা নদীর বাঁধ, অন্যদিকে রেললাইন। ফলে বৃষ্টির জল স্বাভাবিকভাবে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে রেললাইনের পূর্ব দিকে থাকা শহরের পুরোনো অংশে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা হলেও পরিকল্পিত নিকাশি ব্যবস্থার অভাবেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাই এবার বিচ্ছিন্নভাবে নালা সংস্কার না করে গোটা শহরকে মাথায় রেখে একটি বৃহৎ পরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
চেয়ারম্যান জানিয়েছেন, এতদিন শহরের বিভিন্ন এলাকার জল মূলত মহানন্দা নদীতে ফেলার ব্যবস্থা ছিল। ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০টি নালার মাধ্যমে শহরের জল গিয়ে পড়ত মহানন্দায়। কিন্তু এই ব্যবস্থায় চাতরা বিলকে কার্যত নিকাশি পরিকল্পনার বাইরে রাখা হয়েছিল। এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। শহরের জল নিষ্কাশনের জন্য আউটলেটের সংখ্যা কমিয়ে পরিকল্পিতভাবে নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। জল পরিশোধনের ব্যবস্থা করে তা নির্দিষ্ট দুটি জলাধারে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, এই পরিস্থিতি কাটাতে ৩০০-৪০০ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে। এতদিন শহরের পুরোনো এলাকার জল মহানন্দায় ফেলা হত। এছাড়া মালদা শহরের পশ্চিম দিকে রেললাইনের ওপারে রয়েছে একাধিক ওয়ার্ড। পুরসভার পরিভাষায় এই এলাকাগুলিকে বলা হয় ‘অ্যাডেড এরিয়া’ বা সংযুক্ত এলাকা। সংযুক্ত এলাকার নিকাশি জল পরিশোধনের পর চাতরা বিলে ফেলার পরিকল্পনা নেওয়া হবে মাস্টার প্ল্যানে।
অম্লান বলেন, ‘চাতরা বিলকে নতুন করে বাঁচিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরসভার লক্ষ্য, বিলটিকে জলাভূমি বা ওয়েটল্যান্ড হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করা। সংযুক্ত এলাকার জল পরিস্রুত করে চাতরা বিলে ফেলা হবে। তাতে ওই চাতরা বিল অচিরেই প্রাণ ফিরে পাবে।’
পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশপ্রেমী মহলও। পরিবেশপ্রেমী সংগঠনের সহকারী সম্পাদক রূপক দেবশর্মা বলেন, ‘খবর পেয়েছি, ইংরেজবাজার পুরসভার বর্তমান চেয়ারম্যান জেলা প্রশাসনের পরিবেশ দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রচেষ্টায় অবশেষে আমাদের জেলার ফুসফুস চাতরা বিল পুনরুজ্জীবন পেতে চলেছে। জেলার সমস্ত পরিবেশকর্মীর নৈতিক জয় হয়তো দোরগোড়ায়।’
মালদা শহরের মানুষ দীর্ঘদিন ধরেই বর্ষার জলযন্ত্রণা থেকে স্থায়ী মুক্তির অপেক্ষায় রয়েছেন। এবার এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে সেই অপেক্ষার অবসান হতে পারে। একইসঙ্গে হারিয়ে যেতে বসা চাতরা বিলও ফিরে পেতে পারে তার পুরোনো পরিচয়। শহরের নিকাশি সমস্যার সমাধান এবং জেলার পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তাই এই প্রকল্প আগামীদিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তবে ঘোষণার পর এবার নজর থাকবে পরিকল্পনার বাস্তবায়ন এবং চাতরা বিল সংরক্ষণে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

