Malda | আমের গন্ধে মাতোয়ারা মালদা, কৃষিবিজ্ঞান কেন্দ্রে খুলছে অভিনব ‘ম্যাঙ্গো ক্যাফে’!

Malda | আমের গন্ধে মাতোয়ারা মালদা, কৃষিবিজ্ঞান কেন্দ্রে খুলছে অভিনব ‘ম্যাঙ্গো ক্যাফে’!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মালদা: যেদিকে তাকাবেন, সেদিকে কেবলই আমের স্বাদের নানা খাদ্যবস্তুর ছড়াছড়ি। যাকে বলে একেবারে আমদরবার! এদিকে, আমসত্ত্ব তো ওদিকে ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি। এদিকে, ম্যাঙ্গো শেক তো অন্যদিকে আমের সুফলে। কী নেই! ভাবছেন, এমন সুযোগ আবার কোথায়? আর একটু অপেক্ষা মাত্র। আমের জেলা মালদায় এমন অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মালদা (Malda) শহরের উপকণ্ঠে কৃষিবিজ্ঞান কেন্দ্রে বানানো হবে এই ক্যাফে (Mango Cafe)।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত পর্যটকদের আকর্ষণ করতে এবং স্থানীয় তরুণ প্রজন্মের আড্ডার জন্য এমন আধুনিক মানের ক্যাফে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশে, বিশেষ করে থাইল্যান্ড, ফিলিপিন্স বা ইউরোপের বিভিন্ন দেশে ফলভিত্তিক এমন থিম ক্যাফে অত্যন্ত জনপ্রিয়। সেই আন্তর্জাতিক ধারণা থেকেই মালদার বিখ্যাত ফজলি, ল্যাংড়া, গোপালভোগের স্বাদকে আধুনিক ক্যাফে কালচারের সঙ্গে জুড়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান।

এই বিশেষ ক্যাফেতে মিলবে আমের তৈরি হরেক রকমের ফিউশন ফুড ও ডেজার্ট। সনাতনী আমসত্ত্বকে কীভাবে আধুনিক টুইস্ট দিয়ে পেস্ট্রিতে ব্যবহার করা যায়, তা নিয়ে যেমন ভাবনাচিন্তা চলছে, তেমনই থাকবে খাঁটি আমের জুস, রকমারি ম্যাঙ্গো শেক এবং আমের স্বাদের বাহারি কেক ও পুডিং। আমপ্রেমীদের জন্য এটি যে এক স্বর্গরাজ্য হতে চলেছে, তা বলাই বাহুল্য। আমের মরশুম ছাড়াও সারাবছর যাতে আম দিয়ে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়, তারও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

প্রশাসনের আশা, আধুনিক প্রজন্মের পছন্দ ও রুচির কথা মাথায় রেখে আমকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রয়োজন ছিল। এই ক্যাফেটি চালু হলে একদিকে যেমন পর্যটকরা মালদার আমের আসল স্বাদ একই ছাদের তলায় পাবেন, তেমনই জেলার আম প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় চাষিদের অর্থনৈতিক বিকাশ ঘটবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, চলতি মরশুমেই এই ট্যুরিজম চালু করতে চলেছে প্রশাসন। মালদা শহরের এক বাসিন্দা অনিকেত সরকার বলেন, ‘আমরা বন্ধুরা মাঝেমধ্যেই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই। আর আম তো আমাদের পছন্দেরই খাবার। জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এখানে যদি নানা ধরনের আমজাত খাদ্য ও পানীয় পাওয়া যায় তবে এই জায়গা দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।’ সেইসঙ্গে তাঁর একটি পরামর্শও রয়েছে। ‘প্রশাসন যদি সেখানে সেলফি জোন বা সোশ্যাল মিডিয়ায় প্রচারের আরও কিছু ব্যবস্থা করে তাহলে আরও ভালো হয়’, বলছিলেন অনিকেত।

মালদার আমকে ব্র্যান্ডের মোড়কে আন্তর্জাতিক স্তরে আরও পরিচিতি দিতে একগুচ্ছ পদক্ষেপ করছে মালদা জেলা প্রশাসন। তৈরি করা হয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে স্পেশাল টিম। পর্যটনের সঙ্গে আমের মেলবন্ধন ঘটাতে জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রে ম্যাঙ্গো ট্যুরিজমের ব্যবস্থা করছে প্রশাসন। জিআই ট্যাগ প্রাপ্ত জেলার আমগুলিকে ই-কমার্স সাইটের মাধ্যমে প্রচার দিতেও উদ্যোগ নিচ্ছে প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে মালদার আমচাষিদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সেখানে মালদা জেলার আমকে তুলে ধরতে বিশেষ পরিকল্পনার লোগো উন্মোচন করেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিক সহ বিভিন্ন আমচাষিরা। পরে জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র পরিদর্শনে যান জেলা শাসক। পরিদর্শন শেষে সেখানেই ম্যাঙ্গো ট্যুরিজমের জন্য স্থান নির্ধারণ করা হয়।

জেলা শাসক বলেন, ‘বিভিন্ন এলাকায় সেই এলাকার ফসল নিয়ে ট্যুরিজমের ব্যবস্থা থাকে। মালদা জেলাতেও আমরা আমকে কেন্দ্র করে ম্যাঙ্গো ট্যুরিজমের উদ্যোগ নিয়েছি। জেলার আমকে ব্র্যান্ডিং করতে আমার মালদা নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আম আর মালদা থেকেই আমার মালদা নামটি বেছে নেওয়া হয়েছে। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষিবিজ্ঞান কেন্দ্রেই ফার্ম ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এখানে উন্নতমানের ক্যাফেটেরিয়া থাকবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *