Malda | চাঁচলে পিডব্লিউডি-র জমি থেকে সরছে অবৈধ দখল, বুলডোজারের আগেই দোকান সরাচ্ছেন ব্যবসায়ীরা

Malda | চাঁচলে পিডব্লিউডি-র জমি থেকে সরছে অবৈধ দখল, বুলডোজারের আগেই দোকান সরাচ্ছেন ব্যবসায়ীরা

শিক্ষা
Spread the love


সামসী: প্রশাসনের নির্দেশে চাঁচলে পূর্ত (PWD) দপ্তরের রাস্তা ও সরকারি জমির উপর গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদে শুরু হয়েছে অভিযান। নোটিশ পাওয়ার পর সরকারি জমি দখল করে থাকা বহু ব্যবসায়ী নিজ উদ্যোগেই দোকানপাট ও নির্মাণ সরাতে শুরু করেছেন। সোমবার মালদার (Malda) চাঁচলে পূর্ত দপ্তরের অফিস থেকে কাজী নজরুল বাস টার্মিনাস পর্যন্ত এলাকায় এমনই ছবি ধরা পড়ে। অভিযানের তদারকিতে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার, পূর্ত এবং পরিবহণ দপ্তরের আধিকারিকরা।

প্রশাসনের দেওয়া সময়সীমা শেষ হয় সোমবার। যদিও ব্যবসায়ীদের একাংশ আরও ১৫ দিন সময় বৃদ্ধির আবেদন করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। চাঁচল কাজী নজরুল বাসস্ট্যান্ড থেকে মহকুমা শাসকের (এসডিও) অফিস পর্যন্ত রাস্তার দু’ধারে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি দোকান রয়েছে। এদিন তার মধ্যে প্রায় ১০টি দোকান সরিয়ে ফেলার কাজ সম্পন্ন হয়েছে।

প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশও। স্থানীয় ব্যবসায়ী পবন মণ্ডল বলেন,”প্রশাসনের সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। তবে আইন যেন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হয়।সরকারি জমিতে যেখানে যেখানে অবৈধ দখল রয়েছে, সেখানেও একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত।”

অপর ব্যবসায়ী রতন কুমার সাহা বলেন, “চাঁচল এখন পুরসভা হয়েছে।শহরকে পরিকল্পিত ও যানজটমুক্ত করতে প্রশাসনের এই উদ্যোগ প্রয়োজনীয়। আমরা চাই উন্নয়নের স্বার্থে সবাই সহযোগিতা করুক। তবে ব্যবসায়ীদের পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা নিয়েও প্রশাসনের সহানুভূতিশীল হওয়া উচিত।”

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা ও পূর্ত দপ্তরের জমি দখল করে একাধিক দোকানপাট এবং স্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল। প্রশাসনের উদ্যোগে কয়েকদিন আগেই অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে নিজ উদ্যোগে নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই রাস্তা ও PWD-র জমি দখল করে থাকা দোকানপাট এবং অন্যান্য অবৈধ নির্মাণ ব্যবসায়ীরাই ভেঙে ও সরিয়ে ফেলতে শুরু করেছেন।

প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হলে কাজী নজরুল বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় যান চলাচল আরও স্বাভাবিক হবে। দীর্ঘদিনের যানজট সমস্যারও অনেকটাই সমাধান হবে এবং শহরের সৌন্দর্যায়ন ও পরিকল্পিত উন্নয়নের পথ আরও সুগম হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *