উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বর্ষার দিন মানেই খিচুড়ি আর আলুর দম কিংবা ভাজাভুজি। কিন্তু প্রতিদিন একই পদের একঘেয়েমি কাটাতে চাইলে আজই বানিয়ে নিতে পারেন সুস্বাদু ও ঘরোয়া ‘পাঁপড়ের দোলমা’। ঘরের সাধারণ আলু আর পাঁপড় দিয়েই তৈরি করা যায় এই পদ। খিচুড়ি তো বটেই, গরম ভাতের সঙ্গেও এর জুড়ি মেলা ভার (Recipe)।
উপকরণ:
৩টি সেদ্ধ আলু
৫টি পাঁপড়,
টমেটো
আদা
কাঁচা লংকা
হিং
তেজপাতা
শুকনো লংকা
গোটা জিরে
হলুদ, জিরে, ধনে ও লংকাগুঁড়ো
স্বাদমতো নুন, চিনি,
ঘি ও গরম মশলা
পদ্ধতি:
প্রথমে সেদ্ধ আলু মেখে তাতে হিং, আদাবাটা, লংকা কুচি ও সামান্য গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে একটি পুর তৈরি করে নিন। এরপর পাঁপড়গুলো কয়েক সেকেন্ড জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিন। নরম পাঁপড়ের মধ্যে আলুমাখার পুর ভরে চৌকো আকারে ভাঁজ করে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
পরের ধাপে, কড়াইতে জিরে, তেজপাতা ও হিংয়ের ফোড়ন দিয়ে টমেটো-আদা- লংকার পেস্ট এবং গুলে রাখা গুঁড়ো মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে ডুমো করে কাটা আলু দিয়ে ঢেকে রান্না করুন। আলু সেদ্ধ হয়ে এলে পরিমাণমতো গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পাঁপড়ের দোলমাগুলো দিয়ে দিন। সবশেষে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি জিভে জল আনা পাঁপড়ের দোলমা।

