করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো নতুন পালক। মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Consequence 2026) অভাবনীয় সাফল্য অর্জন করে মেধা তালিকায় রাজ্যে নবম স্থান অধিকার করল করণদীঘির ভূমিপুত্র বিবেক সিংহ। রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৮৯। তার এই কৃতিত্বে খুশির জোয়ার বইছে গোটা বিহিনগর এলাকায়।
বিবেকের মার্কশিট নজরকাড়া। সে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও ইতিহাস— এই তিন বিষয়েই ১০০-র মধ্যে ১০০ নম্বর পেয়েছে। এছাড়াও অঙ্কে ৯৮, দ্বিতীয় ভাষায় ৯৭ এবং প্রথম ভাষায় ৯৫ নম্বর পেয়েছে সে। করণদীঘি ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিহিনগর এলাকার বাসিন্দা বিবেকের বাবা রাজু সিংহ হাইস্কুলের শিক্ষক এবং মা সুনিতা সিংহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলের অসামান্য ফলে গর্বিত বাবা-মা দুজনেই। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিবেক জানায়, সে আইআইটি (IIT) থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়।
এদিন কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় জমান প্রতিবেশী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ‘রাজবংশী গাভুর সংঘ’-এর পক্ষ থেকে মোহনলাল সিংহ এবং ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’-এর পক্ষে রাকেশ ঘোষ বিবেককে বিশেষ সংবর্ধনা প্রদান করেন। এলাকার মানুষের মতে, বিবেকের এই সাফল্য করণদীঘির অন্যান্য পড়ুয়াদের জন্য এক বড় অনুপ্রেরণা।
