উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি ডিএমকে ও এআইএডিএমকে-কে কার্যত ধরাশায়ী করে তামিলনাডুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu) হিসেবে শপথ নিতে চলেছেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় (Vijay)। গত কয়েক দিনের টানটান উত্তেজনার পর শনিবার সব বাধা দূর হল। অবশেষে ভিসিকে (VCK) এবং আইইউএমএল (IUML) নিঃশর্ত সমর্থন ঘোষণা করায় বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে (TVK)-র ঝুলিতে এখন ১২১ জন বিধায়কের সমর্থন রয়েছে। তামিলনাডুর বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার (Magic determine) ১১৮ স্পর্শ করে ফেলায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন সম্পূর্ণ পরিষ্কার।
নির্বাচনে বিজয়ের দল একক বৃহত্তম শক্তি হিসেবে ১০৮টি আসন পেলেও সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা থেকে কিছুটা দূরে ছিল। গত তিনদিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেও প্রয়োজনীয় বিধায়কদের সমর্থনপত্র দেখাতে না পারায় বারবার খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। বিশেষ করে এএমএমকে (AMMK) বিধায়কের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠায় শুক্রবার পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছিল। কিন্তু শনিবার সকালে ভিসিকে প্রধান থোল তিরুমাভালাভান এবং আইইউএমএল নেতৃত্বের সঙ্গে টিভিকে নেতাদের বৈঠকের পর বরফ গলে।
কংগ্রেস ও বাম দলগুলি আগেই বিজয়কে সমর্থন জানিয়েছিল। শনিবারের এই নতুন সমীকরণে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে দ্রাবিড় রাজনীতির পুরোনো দুই স্তম্ভ। তবে জোটের অন্দরে এখনই সব সমীকরণ স্থির হয়নি। সূত্রের খবর, ভিসিকে-র পক্ষ থেকে তিরুমাভালাভানকে উপমুখ্যমন্ত্রী করার একটি প্রচ্ছন্ন দাবি রাখা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন শেষে তামিল রাজনীতির ইতিহাসে এক নতুন যুগের সূচনা হতে চলেছে, যেখানে রুপোলি পর্দার ‘থালাপতি’ এবার বাস্তবের প্রশাসনিক রাশ ধরতে প্রস্তুত।
