শিলিগুড়ি: আশঙ্কাই সত্যি হল। শুক্রবার সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক করা গেল না ১০ নম্বর জাতীয় সড়কে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাড়ল নিষেধাজ্ঞার সময়সীমা। এনএইচআইডিসিএল জানিয়েছে, আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
প্রবল বর্ষণের জেরে শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে রাস্তা নিশ্চিহ্ন হয়ে যায়। সেলফিদারা, বিরিকদারা সহ পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে। ফলে গত ১২ অগাস্ট এনএইচআইডিসিএল জাতীয় সড়কে ১৫ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আজ যে রাস্তাটি খুলবে না, তা স্পষ্ট হয়ে যায় বুধবারই। তাতে সিলমোহর পড়লো শুক্রবার। অর্থাৎ ভোগান্তি চলবে আরও অন্তত দুদিন।
