Madhya Pradesh | বিষমদ খেয়ে মর্মান্তিক পরিণতি! মধ্যপ্রদেশে একসঙ্গে মৃত্যু ৯ জনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিষমদ খেয়ে একসঙ্গে ৯ জনের মৃত্যু! এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় (Sagar)। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Spurious Liquor Tragedy)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘুগাড়, নাওরাজ, বারাজ ও তার আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা ওই মদ পান করার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকেরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, বিষাক্ত মদ খাওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের থেকে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। কোন উৎস থেকে এই ভেজাল মদ সরবরাহ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তল্লাশি চলছে। এই ঘটনায় এলাকায় বেআইনি মদ কারবারের রমরমা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই গুজরাটের ভাবনগর জেলায় ঠিক একই ধরনের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। তদন্তে জানা গিয়েছিল, ওই বিষাক্ত মদে প্রায় ৩৮.৫৯ শতাংশ মিথানল মেশানো ছিল। এবার মধ্যপ্রদেশের ঘটনাটিও সেই পুরোনো আশঙ্কাকেই যেন উসকে দিল। সাগরের এই ঘটনায় আরও অনেকে অসুস্থ থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *