উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর মানেই বাঙালির কাছে এক আবেগের নাম। কিন্তু সেই মেগা ইভেন্ট ঘিরে যে তিক্ততা এবং বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা নিয়ে এবার মুখ খুললেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta)। এক সাক্ষাৎকারে শতদ্রু সরাসরি তোপ দাগলেন তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তাঁর দাবি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং স্রেফ কয়েকজনের ব্যক্তিগত মাইলেজ নেওয়ার চেষ্টায় নষ্ট হয়েছে গোটা অনুষ্ঠানটি।
মেসির সেই বিতর্কিত সফরের কথা মনে করে শতদ্রু দত্ত জানান, তিনি আজ গভীরভাবে অনুতপ্ত। তাঁর কথায়, “আমি এই ইভেন্ট অন্য কোথাও করে অনেক বেশি টাকা রোজগার করতে পারতাম। কিন্তু কলকাতার বাঙালি হিসেবে চেয়েছিলাম এখানকার ফুটবলপ্রেমীরা এই অভিজ্ঞতা লাভ করুক। কখনও ভাবিনি একজন অপরিণত মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য গোটা ইভেন্টটা এভাবে ধ্বংস করে দেবে।”
প্রসঙ্গত, সল্টলেক স্টেডিয়ামে চরম অব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মাত্র ২৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এলএম ১০ (LM10)। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল।
শতদ্রু জানান, মেসির প্রায় ১ বিলিয়ন ডলারের বিমা কভারেজ ছিল। মাঠে যদি তাঁর কোনও বড় ক্ষতি হতো, তবে তা ভারতের জন্য জাতীয় লজ্জার বিষয় হয়ে দাঁড়াত। শতদ্রুর বিস্ফোরক দাবি:
- স্টেডিয়ামের ভেতর প্রায় এক হাজার পুলিশকর্মী থাকা সত্ত্বেও বিশৃঙ্খলা আটকানো যায়নি।
- তৎকালীন ডিজি এবং সিপি-র সামনেই এক প্রভাবশালী ব্যক্তি নিয়ম ভেঙে সাধারণ মানুষের বদলে আমলা ও তাঁদের পরিবারকে মাঠে নামিয়ে ফটো সেশন শুরু করেন।
- বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ বা প্রশাসন মাঠ খালি করার কোনও উদ্যোগ নেয়নি।
মেসি কাণ্ডের পর শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁকে ৩৮ দিন জেল হেপাজতে থাকতে হয়েছিল। শতদ্রুর অভিযোগ, পুরো বিষয়টি ছিল পরিকল্পিত রাজনৈতিক অন্তর্ঘাত। তিনি বলেন, “আমি গত ১৫ বছর ধরে বড় বড় ইভেন্ট করছি, এমনটা আগে কখনও হয়নি।”
এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই ফের একবার উত্তাল রাজ্যের ক্রীড়া এবং রাজনৈতিক মহল। বাংলার ফুটবল ইতিহাসে মেসির সফর একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকার কথা থাকলেও, অব্যবস্থা আর রাজনীতির ছোঁয়ায় তা যেন এক আক্ষেপের গল্প হয়েই রয়ে গেল।
