সুবীর মহন্ত ও বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: বসন্তের আবহাওয়াটাই এবার ওলট-পালট। কখনও তপ্ত রোদ, কখনও আচমকা শিলাবৃষ্টি। সেই ঝোড়ো হাওয়ার দাপট যেন কুমারগঞ্জের (Kumarganj) অলিতে-গলিতে। দু’দিন আগের শিলাবৃষ্টিতে বটুন থেকে জাকিরপুর যাওয়ার ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে দু’ধারে বিধ্বস্ত হয়ে আছে কলা বাগান। শিলাবৃষ্টিতে মিইয়ে পড়া সেই বাগানের দিকে তাকিয়ে নেহাল চৌধুরী আক্ষেপ করছিলেন, ‘রাস্তাঘাট, পানীয় জলের দুর্দশা তো দেখছেনই। এই বাগানের মতো সব নষ্ট হয়ে গিয়েছে। যাঁরাই জেতেন, তাঁরাই কলা গাছের মতো দাঁড়িয়ে থাকেন।’
ক্ষোভের এই চোরাস্রোত কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের বাড়ি যে পঞ্চায়েতে, সেই জাকিরপুরের গ্রামে স্পষ্ট। গত বিধানসভা বা লোকসভায় যে জাকিরপুর তৃণমূলকে (TMC) বিপুল লিড দিয়েছিল, এবার সেখানে যেন ভিন্ন সুর। মাঠ থেকে বাড়ি ফেরার পথে ভোটের কথায় সাজিদ মণ্ডল সোজাসুজিই জানালেন, বিধায়কের কাজে তাঁরা তিতিবিরক্ত। এবার যে অন্য কিছু ভাবছেন, তাও গোপন করলেন না।
পাশের গ্রামে ইদগাহর সামনে ঝাঁটা হাতে পরিষ্কার করতে করতে জরিনা বেগমের গলার সুর আরও ঝাঁঝালো মনে হল, ‘যেদিকে গড়ায় পানি, সেদিকেই ছাতা ধরি। বারবার ভুল বুঝিয়ে ভোট নিয়ে যায়, এবার আর তা হবে না।’ তৃণমূলের এই ‘সেফ সিট’ নিয়ে এবার তাই রাজনৈতিক মহলে জোর চর্চা। তবে কি বিধায়কের সংখ্যালঘু গড়ে পদ্মের হাওয়া?
২০১১ থেকে টানা কুমারগঞ্জ আসনটি তৃণমূলের। তবে দশ বছরের বিধায়ককে নিয়ে দলের অন্দরে ক্ষোভ ছিল। প্রার্থী বদলের দাবিও ছিল। সেই তোরাফকে ফের প্রার্থী করায় প্রচার বা দেওয়াল লিখনে চনমনে ভাবটা উধাও। তার ওপর এই কেন্দ্রে প্রায় ৩০ হাজার নাম বিচারাধীন তালিকায়। বিধায়ক নিজেও বিচারাধীন। ‘এসআইআর’ আতঙ্ক তাড়া করছে শাসক শিবিরকে।
এই সুযোগে পদ্ম (BJP) ফোটানোর আশায় বুক বাঁধছেন গেরুয়া শিবিরের হেভিওয়েট প্রার্থী শুভেন্দু সরকার। তৃণমূল-বিজেপির এই টানাপোড়েনের মাঝে কারও কারও দিকে আবার সিপিএম প্রার্থী, স্কুল শিক্ষক মোফাজ্জল হোসেনের প্রতি তৈরি হয়েছে ‘আচমকা ভালোবাসা’। বাম- কংগ্রেসের ভোট কাটাকুটিতে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কোপ পড়লে বিজেপির সুবিধা হয়ে যেতে পারে।
যদিও দু’বারের বিধায়ক তোরাফ হোসেন ভোট করিয়ে নেওয়ার ‘কায়দা-কৌশল’ জানেন। বিধায়কের অনুগামীরা বিজেপির চাপের কথায় হাসেন। তাঁদের ভাষায় বিধায়ক ‘স্লো বাট স্টেডি’ নীতিতে চলেন। অতএব ‘ধীরে রজনী ধীরে’। কুমারগঞ্জে তৃণমূল বিরোধী ক্ষোভের আগুনে অবশ্য ঘি ঢালছে আত্রেয়ীর বুক খালি করে মাফিয়াদের যথেচ্ছ বালি পাচার আর পানীয় জলের তীব্র সংকট।
২৭টি জায়গা থেকে বালি ওঠে কুমারগঞ্জে। শাসকদলের একাংশের মদতে বালি পাচারে ট্র্যাক্টরের দাপাদাপিতে অতিষ্ঠ হলেও ভয়ে কিছু বলতে পারেন না স্থানীয়রা। ২০০ কোটি টাকার জলপ্রকল্প কবে বাস্তব হবে কেউ জানে না। ভোওর গ্রাম পঞ্চায়েতের আবুল কালাম আজাদ থেকে দিওরের অনীতা রায়- সবারই এক অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছায় না সাধারণের ঘরে।
পুকুরের জলে গৃহস্থালির কাজ চললেও পানের জন্য টিউবওয়েলের জল ভরসা। গরম আসছে, টিউবওয়েলেও জল উঠবে না আর। কেউ অভিযোগ করছেন ‘মুখ দেখে’ ঘর দেওয়ার, কেউ বলছেন জল কিনে খাওয়ার কষ্টের কথা। অন্যদিকে, গোয়া বা হায়দরাবাদ থেকে ভোট দিতে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের গলায় এলাকায় কাজ না পাওয়ার হাহাকার।
হায়দরাবাদ ফেরত সঞ্জিত হেমব্রম বলছিলেন, ‘এবার ভোট দিতেই হবে, নাহলে এসআইআর-এ নাম কাটা যেতে পারে। তাই এলাম। ভোট শেষ হলে ফিরে যাব। এখানে কাজ কোথায়!’ তৃণমূলের পুরোনো কর্মীরাও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলছেন, মাহমুদা বেগম বিধায়ক থাকার সময়ে কলেজ, আইটিআই হয়েছিল। কিন্তু গত দশ বছরে কোনও বড় প্রকল্প আসেনি। দলীয় কর্মীদেরও গুরুত্ব দেননি বিধায়ক।
এর সঙ্গে যোগ হয়েছে ‘হিন্দু খতরে মে হ্যায়’ ন্যারেটিভ। একসময়ের সিপিএম করা হিন্দু দোকানদারের সাফ কথা, ‘এবার বিজেপি ছাড়া উপায় নেই।’ বসন্তের আবহাওয়া যেমন এবার উলটে-পালটে গিয়েছে, কুমারগঞ্জের ভোটের আবহাওয়াতেও যেন ওলট-পালটের ইঙ্গিত।
