উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবং ককরোচ জনতা পার্টির (CJP) মধ্যে অনলাইন বাগযুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে সিজেপি-র মুখপাত্র (CJP Spokesperson) সৌরভ দাসকে (Saurav Das) ‘অকর্মণ্য ও বেকার’ বলে তীব্র আক্রমণ করলেন কঙ্গনা।
সম্প্রতি সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস এক সাক্ষাৎকারে দাবি করেন, জেন জেড (Gen-Z) বা তরুণ প্রজন্মের কেউ কঙ্গনার বক্তব্যকে গুরুত্ব দেয় না। এমনকি তাঁর নিজের দলের লোকেরাও তাঁকে গুরুত্ব দেন না বলে কটাক্ষ করেন সৌরভ। এই মন্তব্যের পরই সরব হন বিজেপি সাংসদ।
ইনস্টাগ্রাম স্টোরিতে সৌরভের সাক্ষাৎকারের একটি স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ইন্টারনেটে দেখলাম ওঁর বয়স ২৮ বছর। উনি কীভাবে নিজেকে ছাত্র বলে দাবি করছেন আমার জানা নেই।’ নিজের অর্জনের কথা মনে করিয়ে দিয়ে ৪০ বছর বয়সি এই অভিনেত্রী জানান, সৌরভের বয়সে পৌঁছানোর আগেই তিনি দু’টি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
সিজেপি মুখপাত্রকে সরাসরি নিশানা করে কঙ্গনা আরও লেখেন, ‘আপনার সমস্যা সম্পূর্ণ ব্যক্তিগত। আপনি কোনও ছাত্র নন, আপনি স্রেফ একজন বেকার ও অকর্মণ্য মানুষ। কোনও কাজের দক্ষতা শেখা দিয়ে শুরু করুন।’ এর আগেও কঙ্গনা সিজেপি-র প্রতিবাদ আন্দোলনের কড়া সমালোচনা করে তাদের ভাষা ও ব্যবহারকে ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেছিলেন এবং সরকারি সম্পত্তি নষ্টের জন্য প্রতিবাদীদের জবাবদিহিতা দাবি করেছিলেন।

উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলনে সরব হয়েছিল সিজেপি (NEET-UG protests)। তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ বাকি দাবিগুলি কেন্দ্র মেনে নেওয়ার পর মধ্য সেই আন্দোলন আপাতত স্থগিত হলেও, সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ও সিজেপি নেতৃত্বের কাদা ছোড়াছুড়ি এখনও জারি রয়েছে।

