Kolkata protest arrest | ভিডিও দেখে শনাক্ত! নিট কাণ্ডের প্রতিবাদ মিছিলে অশান্তির ঘটনায় অব্যাহত ধরপাকড়, ক্রমশ বাড়ছে গ্রেপ্তারির সংখ্যা  

Kolkata protest arrest | ভিডিও দেখে শনাক্ত! নিট কাণ্ডের প্রতিবাদ মিছিলে অশান্তির ঘটনায় অব্যাহত ধরপাকড়, ক্রমশ বাড়ছে গ্রেপ্তারির সংখ্যা  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নিট কেলেঙ্কারির প্রতিবাদের জেরে গত শুক্রবার কলকাতার ধর্মতলায় আয়োজিত মিছিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া ব্যাপক অশান্তির ঘটনায় পুলিশি ধরপাকড় অব্যাহত রয়েছে (Kolkata protest arrest)। শনিবার পর্যন্ত এই মামলায় ধৃতের সংখ্যা ১১ জন থাকলেও, রবিবার সকালে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্য গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দু’জন কলকাতার এবং একজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ধৃতদের মধ্যে রয়েছেন কড়েয়া থানা এলাকার বাসিন্দা ৩৪ বছরের শাহবাজ খান, রাজাবাগান থানা এলাকার মহম্মদ সলমন হুসেন এবং দক্ষিণ ২৪ পরগনার বিজয়গঞ্জ এলাকার বাসিন্দা মহম্মদ জোহিরুদ্দিন মাল। রবিবারই এই ১৪ জন অভিযুক্তকেই আদালতে হাজির করা হবে এবং তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালের পর থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে ছাত্র-যুবদের মিছিলকে কেন্দ্র করে চরম রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। পুলিশের ওপর আক্রমণ এবং সাংবাদিকদের হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন এবং হেয়ার স্ট্রিট থানায় ছয়টি ও এন্টালি থানায় একটিসহ মোট সাতটি মামলা রুজু করে কঠোর ‘গুন্ডাদমন আইন’ ধারা যুক্ত করা হয়।

শনিবার বিধানসভায় এই বিশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মিছিলে গণ্ডগোল পাকানো প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের সঙ্গে প্রকৃত ছাত্রসমাজ বা আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সেই চিহ্নিতদের তালিকার ভিত্তিতেই শনিবার মেটিয়াবুরুজের রাজাবাগানের বাসিন্দা মহম্মদ আফরোজকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবারের নতুন তিন গ্রেপ্তারির পর তদন্তের জাল আরও গুটিয়ে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *