উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজ ২৬ জুলাই দেশজুড়ে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Divas)। ১৯৯৯ সালের এই দিনেই পাকিস্তানি সেনাকে পুরোপুরি পরাস্ত করে লাদাখের কার্গিল চূড়ায় ত্রিবঙ্গ পতাকা উড়িয়েছিল ভারতীয় জওয়ানরা (Indian Military)। দীর্ঘ দু’মাসেরও বেশি সময় ধরে চলা সেই রক্তক্ষয়ী যুদ্ধে (Kargil Struggle 1999) দেশের সুরক্ষায় প্রাণ উৎসর্গ করেছিলেন ৫২৭ জন বীর জওয়ান।
রবিবার বিশেষ এই ঐতিহাসিক দিনে দেশের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লিখেছেন, “কার্গিল বিজয় দিবসে ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠার জন্য গোটা দেশ সাহসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে।”
অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তাঁর বাণীতে উল্লেখ করেছেন যে, ভারতীয় সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্ব, অবিচল সংকল্প ও দেশপ্রেম দেশের গৌরবময় ঐতিহ্যের প্রতীক।
১৯৯৯ সালের শুরুতেই ভারত-পাক সম্পর্কের বরফ গলাতে চালু হয়েছিল দিল্লি-লাহোর বাস পরিষেবা। তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সেই বাসে চেপে লাহোর গিয়ে শান্তি স্থাপনের বার্তা দিয়েছিলেন। কিন্তু তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার ও উচ্চাকাঙ্ক্ষী সেনাপ্রধান পারভেজ মুশারফের গোপন চক্রান্তে ভেস্তে যায় সেই শান্তি প্রক্রিয়া।
ওই যুদ্ধে ভারতের পক্ষে শহীদ হয়েছেন ৫২৭ জন জওয়ান, আহত ১,৩৬৩ জন এবং যুদ্ধবন্দি ৫ জন। আর পাকিস্তানের ৪০০ জন নিহত, আহত ৬৬৫ জন এবং যুদ্ধবন্দি ৮ জন।

