Kolkata airport gold seizure | কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার প্রায় ১ কোটি টাকার সোনা ও রুপো! গ্রেপ্তার রাজস্থানের যুবক

Kolkata airport gold seizure | কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার প্রায় ১ কোটি টাকার সোনা ও রুপো! গ্রেপ্তার রাজস্থানের যুবক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) চত্বর থেকে প্রায় এক কোটি টাকার অবৈধ সোনা এবং রুপোর গয়না উদ্ধার (Kolkata airport gold seizure) করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিমানবন্দরের কার্গো টার্মিনাল এলাকায় অতর্কিতে অভিযান চালায় পুলিশ বাহিনী। এই ঘটনায় রাজস্থানের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল তল্লাশি অভিযান চলাকালীন হঠাৎই এক স্কুটার চালক যুবককে অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ তাকে থামার নির্দেশ দিলে সে স্কুটার ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ তাকে ঘিরে ধরে আটক করেন। এর পর তার স্কুটারে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো শুরু হয়।

স্কুটারের বিভিন্ন অংশ খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। গোপন খোপ থেকে উদ্ধার হয় চোখ ধাঁধানো সব মূল্যবান অলঙ্কার। বাজোপ্ত করা গয়নার মধ্যে রয়েছে প্রায় ৪০০ গ্রাম ওজনের হিরে বসানো সোনার গয়না এবং প্রায় ৯০০ গ্রাম রুপোর গয়না। বর্তমান বাজারদর অনুযায়ী এই বিপুল পরিমাণ সোনা ও রুপোর মোট মূল্য প্রায় এক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

বৃহস্পতিবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ (Police)। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্তকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে, যাতে এই পাচারচক্রের মূল মাথাদের সন্ধান পাওয়া সম্ভব হয়।

বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই ধরণের চোরাচালানের ঘটনা নতুন নয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অনেক সময়ই অবৈধ উপায়ে বা বিমানবন্দর চত্বরের কোন ফাঁকফোকর গলিয়ে সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পাচার করা হয়। বিমান পরিষ্কার করার সময় বা কার্গো সংক্রান্ত কাজের অছিলায় বিমানবন্দরের ভিতর থেকে এই সোনা বা বহুমূল্য বস্তু কার্গো টার্মিনালের মাধ্যমে বাইরে পাচার করে দেওয়ার চেষ্টা চলে।

এই চক্রের সঙ্গে বিমানবন্দর বা কার্গো পরিষেবার সঙ্গে যুক্ত কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই গভীর তদন্ত শুরু হয়েছে। রাজস্থানের ওই যুবক কেবল একজন বাহক (কুরিয়ার) মাত্র, নাকি এই সোনা পাচারের পেছনে আরও বড় কোনও মাথা বা আন্তর্জাতিক গ্যাং সক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখছে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *