Uploaded By: Sandip Sarkar
বর্ধমান: দ্বিতীয় দফার মহারণের ঠিক আগের দিন ফের খাগড়াগড় স্মৃতি উসকে দিল এনআইএ (Khagragarh NIA Raid)। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি তিন সদস্যের প্রতিনিধি দল হানা দিল বর্ধমানের সেই কুখ্যাত বিস্ফোরণস্থলে। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটের ঠিক চব্বিশ ঘণ্টা আগে এনআইএ-র এই সক্রিয়তা রাজ্য রাজনীতির পারদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে।
২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজ্য। মৃত্যু হয়েছিল দুই জঙ্গির। সেই স্মৃতি আজও ফিকে হয়নি বর্ধমানবাসীর মন থেকে। মঙ্গলবার বিকেলে গোয়েন্দারা প্রথমেই পৌঁছান সেই পুরনো বিস্ফোরণস্থল তথা নুরুল হাসান চৌধুরীর বাড়ির সামনে। সূত্রের খবর, বাড়ির মালিকের কাছে চাবি চাওয়া হলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে চাবি না মেলায় শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা।
খাগড়াগড় থেকে বেরিয়ে এনআইএ-র দলটি পৌঁছে যায় লাকুড্ডি জলকল মাঠ এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। এরপর তাঁদের কনভয় যায় কাঞ্চননগর ও আঞ্জির বাগান এলাকায়। স্থানীয়দের কাছে গোয়েন্দারা জানতে চান, নির্বাচনের আগে এলাকায় কোনও বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা গিয়েছে কি না, কিংবা কেউ কোনও প্রকার হুমকি দিচ্ছে কি না। পরবর্তীতে বাজেপ্রতাপপুর এলাকাতেও গিয়ে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সম্ভাব্য নাশকতামূলক ছক বা কোনও বড়সড় হুমকি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই ‘রুটিন ভিজিট’ বা ঝটিকা অভিযান। তবে ২০১৪-র সেই ক্ষতবিক্ষত খাগড়াগড়ে ভোটের ঠিক আগের দিন কেন্দ্রীয় সংস্থার পা রাখা নিশ্চিতভাবেই ভোটারদের মনে এক নতুন মাত্রা যোগ করেছে।
