উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের অন্যতম স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রতিষ্ঠান— কেরালার (Kerala) এঝিমালার (Ezhimala) ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (INA) থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বিপ্লব সোরেন (৩২)। তিনি গত এক বছর ধরে ওই নৌসেনা অ্যাকাডেমিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কেরালা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, পেয়ান্নুর পুলিশ সার্কেল ইন্সপেক্টর মহেশ কে নায়ারের নির্দেশনায় পেয়ান্নুর থানার সাব-ইন্সপেক্টর শুহাইব নৌসেনা অ্যাকাডেমি চত্বর থেকেই বিপ্লব সোরেনকে গ্রেপ্তার করেন। কান্নুরের পুলিশ কর্মকর্তা উমেশ গোয়েল জানান, “বিপ্লব সোরেন তার আসল নাম কি না, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। আমরা তাকে হেপাজতে নিয়ে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব।” তবে নৌসেনা অ্যাকাডেমিতে ঠিক কী ধরনের কাজ তিনি করতেন এবং কীভাবে সেখানে চাকরি পেলেন, সে বিষয়ে পুলিশ এখনও মুখ খুলেনি। এছাড়া এই ঘটনার নেপথ্যে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
গত চার দিনে কান্নুর জেলা থেকে মোট ছয় জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এর আগে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পাঁচ জন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওদেনপারাম্বু এলাকার একটি ভাড়ামাসায় অভিযান চালিয়ে চার জন মহিলাকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম— নাজমা আক্তার (৪০), তসলিমা খাতুন (২৫), ময়না খাতুন (২৯) এবং নাসরি বিবি (২৮)। তল্লাশির সময় তাদের কাছ থেকে আসল বাংলাদেশি পরিচয়পত্র ছাড়াও একাধিক ভুয়া বা জাল ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলারা পুলিশকে জানিয়েছেন যে, তারা অসম হয়ে কেরালায় প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে কান্নুর শহরের একটি স্পা-তে কাজ করছিলেন। এই ঘটনায় বুধবার সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে।

