নাগরাকাটা: বোনাস ফয়সালা হয়ে গেল চা বণিকসভা আইটিপিএ’র আওতাধীন উত্তরবঙ্গের তিন জেলার প্রোজেক্ট চা বাগানগুলির। শুক্রবার জলপাইগুড়িতে শ্রমিক-মালিক দ্বিপাক্ষিক বৈঠকে বোনাসের হার চূড়ান্ত হয়। প্রোজেক্ট বাগানগুলিতে গত বছরের হারেই বোনাস দেওয়া হবে। ৫০ একর আয়তনের কম বাগানগুলির জন্য (গ্রুপ এ) ১২.৭৫ শতাংশ ও তার চেয়ে বেশি আয়তনের (গ্রুপ বি) বাগানে ১৩.৭৫ শতাংশ হারে বোনাস হবে।
সবমিলিয়ে ১২২টি চা বাগানের প্রায় ৩০ হাজার শ্রমিক এই বোনাস চুক্তির আওতায় আসবেন। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আইটিপিএ-র স্মল অ্যান্ড নিউ গার্ডেন ফোরামের আহ্বায়ক জয়ন্ত বণিক বলেন, ‘এবারের পরিস্থিতি গতবারের থেকেও খারাপ। তবুও শ্রমিকদের দিকে তাকিয়ে বোনাসে কোনও কাটছাঁট করা হয়নি।’
সংশ্লিষ্ট সূত্রেই জানা গিয়েছে, বোনাসের হার অপরিবর্তিত থাকলেও শ্রমিকরা গতবারের থেকে হাতে বেশি টাকা পাবেন। এর কারণ এবারের বোনাস গণনা হবে তাঁদের দৈনিক মজুরি ২১২ টাকার ওপর ভিত্তি করে সারা বছরের মোট আয়ের ওপর।
চা বাগান মজদুর ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক জিয়াউল আলম বলেন, ছোট ও নতুন বাগানগুলির কাঁচা পাতা উৎপাদকরা দু’বছর খরা ও রোগপোকার হামলার শিকার। পাশাপাশি টি বোর্ডের অদূরদর্শী মনোভাবও রয়েছে। সমস্ত দিক বিবেচনা করেই এই বোনাস চুক্তি।
