উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে আবহাওয়ার দুই রূপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত কমবে দুর্যোগ (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে (North Bengal) আবহাওয়ার উন্নতি হবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে ফের আগামী সোমবার থেকে দুর্যোগ শুরু হতে পারে উত্তরে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রতিটি জেলাতেই বুধবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

