জটেশ্বর: জটেশ্বর (Jateshwar) ২ গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোট রেলক্রসিং সংলগ্ন এলাকায় কর্মরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক গ্যাংম্যানের। মৃত ওই গ্যাংম্যানের নাম জয়গোপাল সরকার (৩৮)। জানা গিয়েছে, তাঁর বাড়ি অসম রাজ্যে হলেও কর্মসূত্রে ফালাকাটাতেই (Falakata) থাকতেন জয়গোপাল।
রেল ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন জয়গোপাল সরকার-সহ জনাকয়েক গ্যাংম্যান। কাজ চলাকালীন তার ফোনে ফোন আসায় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সামনের দিক থেকে গুয়াহাটি-নিউ জলপাইগুড়িগামী একটি ট্রেন আসতে দেখে তিনি দ্রুত পাশের মেইন লাইনে সরে যান। কিন্তু তিনি বুঝতে পারেননি যে, ওই লাইনে তাঁর পেছনের দিক থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটিগামী আরেকটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই ট্রেনটির ধাক্কায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়েন জয়গোপাল, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং ময়নাগুড়ি জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
