উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন। এই হাঁসফাঁস করা পরিস্থিতিতে ভারী বা গুরুপাক খাবার এড়িয়ে চলাই দস্তুর। তবে স্বাদের সঙ্গে আপস করতে নারাজ খাদ্যরসিকরা। তাই তো বর্তমান সময়ের স্বাস্থ্যসচেতন তিলোত্তমাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে ফলের রাজা আমের সঙ্গে চিকেনের এক অনন্য যুগলবন্দি— ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধনে তৈরি এই খাবার যেমন হালকা, তেমনই সতেজ।
কী কী প্রয়োজন?
ঘরোয়া উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। লাগবে:
-
সেদ্ধ বা গ্রিলড চিকেনের টুকরো (কিউব করে কাটা)
-
ডুমো করে কাটা পাকা আম
-
কুচানো পেঁয়াজ ও ধনেপাতা
-
গোলমরিচ গুঁড়ো, নুন ও লেবুর রস
-
স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা
-
ইচ্ছা হলে টক দই বা মেয়োনিজ ব্যবহার করা যেতে পারে
প্রণালী:
রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর একদমই প্রয়োজন নেই। প্রথমে একটি বড় পাত্রে চিকেন ও আমের টুকরোগুলো নিন। তাতে পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং স্বাদমতো নুন-গোলমরিচ মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে কয়েক ফোঁটা অলিভ অয়েল যোগ করা যেতে পারে। সবশেষে লেবুর রস এবং দই বা মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি পুষ্টিকর এই স্যালাড।
তৈরি হয়ে যাওয়ার পর ফ্রিজে মিনিট দশেক রেখে দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। অফিসের টিফিন হোক বা রাতের হালকা ডিনার— একঘেয়ে চিকেন স্টু-এর বদলে আমের এই নতুন রূপ চলতি মরশুমে বাঙালির হেঁশেলে সুপারহিট হওয়ার সব রসদ মজুত রেখেছে।
