পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ৩১ মার্চ থেকে জলপাইগুড়ির চা নিলামকেন্দ্র পুনরায় চালু করতে চলেছে শিল্প বাণিজ্যমন্ত্রক ও টি বোর্ড। এর আগে ১০ মার্চ চা পাতা বিক্রির মক টেস্ট করা হবে। ৩১ মার্চ জলপাইগুড়ির শিবাজি রোডের চা নিলামকেন্দ্র থেকে শুরু হচ্ছে চা নিলাম। শুক্রবার টি বোর্ড থেকে এই সুখবর মেল মারফত জলপাইগুড়ি চা কেন্দ্রের কমিটিকে জানানো হয়েছে। পুনরায় চা নিলামকেন্দ্র চালু হওয়ার খবরে খুশির হাওয়া শিল্প মহলে।
২০০৮ সালে তদানীন্তন মন্ত্রী নিরুপম সেন জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের উদ্বোধন করেছিলেন। কিন্তু বছরের পর বছর ধরে চায়ের জোগানের অভাবের কারণে ধুঁকতে শুরু করে নিলামকেন্দ্রটি। ২০১৪ সালের অগাস্ট মাসে শেষ চা নিলাম হয়ে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।
এরপর চা নিলামকেন্দ্র চালুর জন্য কমিটির ভাইস চেয়ারম্যান তথা টি বোর্ড সদস্য পুরজিৎ বক্সীগুপ্ত, নিলামকেন্দ্র চালু করা নিয়ে গঠিত টাস্ক ফোর্সের চেয়ারম্যান সঞ্জয় ধানুটি, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় প্রমুখ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেন নিলামকেন্দ্রটি চালু করার জন্য। নিলামকেন্দ্রটি নর্থবেঙ্গল টি অকশন কমিটির অধীনেই পরিচালিত হচ্ছিল। কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, ‘প্রায় এক দশকের বেশি সময় ধরে নিলামকেন্দ্র চালুর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। শুক্রবার টি বোর্ড থেকে মেইল এসেছে ৩১ মার্চ চালু হচ্ছে।’
টাস্ক ফোর্সের চেয়ারম্যান সঞ্জয় ধানুটির কথায়, ‘নিলামকেন্দ্র চালুর জন্য আমাদের ১১ বছরের লড়াই এতদিনে সফল হল। আমরা কৃতজ্ঞ সাংসদের কাছে। উনি পাশে ছিলেন বলেই পুনরায় চা নিলামকেন্দ্র চালু হতে যাচ্ছে।’
নিলাম হওয়ার আগে অন্যান্য প্রক্রিয়া ৫ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে। সেদিন চা বিক্রির ক্যাটালগ তৈরি করে আপলোড করা হবে। আগামী ৭ তারিখ বিক্রেতার তালিকা করা থেকে অন্য কাজগুলি করা হবে। ১০ মার্চ চা নিলামের মক টেস্ট করা হবে। ৩১ মার্চ লাইভ টি অকশন প্রক্রিয়া শুরু হবে।
সাংসদ জয়ন্ত বলেন, ‘বন্ধ চা নিলামকেন্দ্র পুনরায় চালু করতে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রক থেকে টি বোর্ডে লাগাতার তদ্বির করেছি। নিলামকেন্দ্র চালু হলে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নিয়মিত তৈরি করা চায়ের জোগান বাগানগুলি যাতে নিয়মিত দিয়ে থাকে সেই আবেদন রাখছি।’
চা নিলামকেন্দ্রের পুনরায় ৩১ মার্চ উদ্বোধনে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের আসার সম্ভাবনা রয়েছে। চা বিশেষজ্ঞ রামঅবতার শর্মা বলেন, ‘নিলামকেন্দ্র পুনরায় চালু হলে চা শিল্পে জোয়ার আসবে। নিলামকে ঘিরে অয়্যারহাউস, বিক্রি, পরিবহণ- সবদিক থেকে অনেক কাজের সুযোগ তৈরি হবে।’ কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তীর কথায়, ‘আমরা খুব আনন্দিত হয়েছি পুনরায় জলপাইগুড়ির বন্ধ চা নিলামকেন্দ্র চালু হচ্ছে এই খবর শুনে। আমাদের ক্ষুদ্র চা বাগানের নিজস্ব বটলিফ ফ্যাক্টরিও চা পাঠাতে সাহায্য করবে।’
