সামসী: ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও (BLO)। এমনই অভিযোগ তুলে একটি ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সামনে এনে সরব হয়েছে বিজেপি। মালদার (Malda) চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা।
অভিযোগ, সেখানকার বিএলও আলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন। বিএলও’র বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যদিও বিএলও-র দাবি, ফর্ম গোছানো হচ্ছিল, বিলি করার কোনো প্রশ্ন নেই। গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
বিজেপি (BJP)-র উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, ‘গোটা রাজ্যেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদের ওপর প্রভাব খাটাচ্ছে। কোনো বিএলও এমন কাজ করতে পারেন না।’ এই মর্মে নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ করবেন বলে সাফ জানান অভিষেক সিংহানিয়া। মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বিজেপির অভিযোগকে আমল না দিয়ে বলেন, ‘মিথ্যে অভিযোগ। কোনো ভিত্তি নেই।’
