শামুকতলা: আদিবাসী সমাজের আর্থসামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা গড়ে তোলা এবং গ্রামীণ মানুষের অধিকার রক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে ‘ইন্দো-ভুটান শান্তি রত্ন পুরস্কার’ (Indo-Bhutan Shanti Ratna Award) পেলেন বিশিষ্ট সমাজকর্মী সদানন্দ চক্রবর্তী। রবিবার যোগ দিবসের দিন ভুটানের রাজধানী থিম্পুতে (Thimphu) তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।
সাঁওতালপুর নাগরিক অধিকার সুরক্ষা ওয়েলফেয়ার সোসাইটি এবং শামুকতলা (Shamuktala) ফুড প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি পরিচালনা করছেন সদানন্দ। শামুকতলা, সাঁওতালপুর ও পার্শ্ববর্তী এলাকার আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এক দশকের বেশি সময় ধরে কাজ করে চলেছেন। তাঁকে পুরস্কৃত করেছে অন্তর্রাষ্ট্রীয় সমরস্ত মঞ্চ। ভারত–ভুটান বন্ধুত্ব চুক্তির চেতনাকে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সম্মান প্রদান করা হয়েছে। গত দুই দশক ধরে বিশ্বের প্রায় ২৫টি দেশে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, মানবকল্যাণ এবং আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে অন্তর্রাষ্ট্রীয় সমরস্ত মঞ্চ। সদানন্দ বলেন, ‘এলাকার মানুষের পাশে থেকে কাজ করার যে চেষ্টা করেছি, এই পুরস্কার সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’
