উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের (Houthi rebels) লাগাতার আক্রমণ এবার সরাসরি আঘাত হানল ইসলামের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মক্কায়। মঙ্গলবার সৌদি আরবের (Saudi Arabia) সিভিল ডিফেন্স (Civil Defence) বিভাগ থেকে মক্কা, জেদ্দা এবং তাইফের আকাশে সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি ভিত্তিতে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, পবিত্র এই শহরের সুরক্ষায় এমন সতর্কতা জারির ঘটনা সম্পূর্ণ নজিরবিহীন। যদিও প্রাথমিক উদ্বেগের পর দ্রুত সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয় এবং প্রশাসন দাবি করে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সৌদি সরকারের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার মক্কার দক্ষিণ সীমানায় একটি হুথি ড্রোন প্রবেশ করার আগেই তা প্রতিহত ও নিষ্ক্রিয় করা হয়। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী হজে আসেন এই শহরে, ফলে এর নিরাপত্তা রক্ষা সৌদি প্রশাসনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এই ড্রোন হামলা বা মক্কাকে নিশানা করার সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে হুথি নেতৃত্ব। পলিটব্যুরো সদস্য হাজেম আল-আসাদ স্পষ্ট জানিয়েছেন যে, কোনও ধর্মীয় স্থান বা মক্কাকে তারা কখনোই লক্ষ্যবস্তু করেননি এবং এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীর নিকটবর্তী জলপথে হুথিদের সামরিক তৎপরতা ও সামুদ্রিক অবরোধের জেরে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বহুগুণ বেড়েছে। সৌদির তেল ক্ষেত্র, বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোঁড়ার ফলে দেশের দক্ষিণাঞ্চলে বহু মানুষ আহত হয়েছেন। এমনকী এই সংকটকালে সৌদি কর্তৃপক্ষ পাকিস্তানের কাছ থেকে আশানুরূপ সামরিক সহযোগিতা না পেয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। সৌদির সিভিল ডিফেন্স দপ্তর অবশ্য এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ৯১১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী ইয়েমেনের তাইজ শহরে পালটা বিমান হানা চালিয়েছে।

