উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবারের পর ফের বৃহস্পতিবার। এবার সরকারি কর্মসূচির মঞ্চ থেকে ভিনরাজ্যে বাঙালি নিগ্রহের অভিযোগ তুলে নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘বাংলাভাষায় কথা বললেই রোহিঙ্গা বলে দিচ্ছে। কোথা থেকে এল রোহিঙ্গা? তারা তো মায়ানমারের লোক। বাংলা জানবে কী করে?’ তাঁর আরও বক্তব্য, ‘বাংলাভাষা কথা বলা লোকের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়। সারা বিশ্বে পঞ্চম। সেই ভাষার অপমান আমরা মানব না। ১৭ লাখ রোহিঙ্গা আছে বলছে। এরা কিছু জানেই না। রোহিঙ্গারা কোথায়? তাদের নাম-ঠিকানা দাও। তারপর অভিযোগ করো।’ মমতার অভিযোগ, কেউ বাংলায় কথা বললেই তাঁকে ‘ডিপোর্ট’ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
গতকাল মিছিল শেষে ধর্মতলার সভা থেকে মমতা বিজেপির বিরুদ্ধে বাঙালি নিগ্রহের অভিযোগ তুলতেই শুভেন্দু অধিকারি বাংলায় ভোটার তালিকায় রোহিঙ্গা মুসলিমদের উপস্থিতি নিয়ে সরব হন। শুভেন্দু জানিয়ে দেন বিহারে যদি ৩৫ লক্ষ ভুয়ো নাম বাদ যায় তাহলে বাংলায় সেই সংখ্যাটা ৯০ লক্ষ হবে। এদিন তাই রোহিঙ্গাদের নিয়েই শুভেন্দুর তোলা অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে মমতা আক্রম করে বলেন, ‘আজ সকলের উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে ১৭ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও! কে তুমি হরিদাস? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সে-ই ভোট দেবে। যাঁরা বাংলায় বাস করেন, বাংলার নাগরিক, কেন তুমি তাঁর নাম কাটবে? সে কোন জাত, কোন ধর্ম তা তোমার দেখার দরকার নেই। তাঁরা ভীষণ ভাবে বাংলার ভোটার।’
এদিন নিউ টাউনের কর্মসূচি থেকে নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্পমূল্যের আবাসন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্প দু’টির নাম— ‘নিজন্ন’ এবং ‘সুজন্ন’। ৭ একর জমিতে তৈরি হওয়া এই প্রকল্পে ১২১০টি ফ্ল্যাট রয়েছে। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে এই ফ্ল্যাট বিলি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এ ছাড়া নিউ টাউনে একটি নবনির্মিত বহুতল পার্কিং কমপ্লেক্স ‘সুসম্পন্ন’র উদ্বোধন করেন তিনি। তরণ্য নামে মুক্ত মঞ্চ ও শিশুদের পার্কের উদ্বোধন করা হয়। এছাড়া জলপাইগুড়িতে জল্পেশ মন্দির যাওয়ার পথে একটি সেতু ও রাস্তারও উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে।
