কোচবিহার: বিধানসভা নির্বাচনের (Meeting Election 2026) প্রচারে বেরিয়ে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের (Cooch Behar South) বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু (Rathindranath Basu) প্রবল বিক্ষোভের মুখে পড়লেন। শনিবার কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় জনসংযোগে গেলে এসআইআর (SIR) তালিকায় নাম বাদ পড়া নিয়ে তাঁকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনার জেরে প্রায় এক ঘণ্টা এক বিজেপি কর্মীর বাড়িতেই আটকে থাকেন প্রার্থী ও দলীয় নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে শাসকদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিক্ষোভ দেখিয়েছে। তবে বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীরা এলাকাটি পরিষ্কার করতে ঝাড়ু হাতে নামেন এবং এলাকা ‘পবিত্র’ করতে চারদিকে গঙ্গাজল ছিটান। এই ‘শুদ্ধিকরণ’ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীর উপস্থিতিতে এলাকার পরিবেশ কলুষিত হয়েছিল, তাই এই পদক্ষেপ।
