উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে হ্যান্ডশেক বিতর্কের জল আরও গড়াচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, টুর্নামেন্টের ফাইনালে উঠলে পাকিস্তানের বোর্ড প্রধান মহসিন নকভির সঙ্গে মঞ্চ ভাগ করবে না ভারতীয় দল। উল্লেখ্য, পিসিবি প্রধান মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বর্তমান সভাপতি। প্রথা অনুযায়ী, তিনিই এশিয়া কাপের বিজয়ী দলকে ট্রফি এবং পুরস্কার প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।
রবিবার এশিয়া কাপ ২০২৫-এর ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই এই বিতর্ক শুরু হয়। ওই দিন ম্যাচের আগে টসের সময় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। এই বিতর্কের জের চলে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও। সেখানে সালমান আলি আঘা অনুপস্থিত ছিলেন। অপরদিকে সূর্যকুমার যাদব এই জয়টি দেশের সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ করেন এবং পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি। পরে পাকিস্তান দলের কোচ মাইক হেসন (Mike Hesson) জানান যে, হ্যান্ডশেক বিতর্কের কারণেই আঘা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হননি।
এদিকে পিসিবি (PCB) এই পুরো ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে (Andy Pycroft) দায়ী করে তাঁর অপসারণ দাবি করেছে। পিসিবির অভিযোগ পাক অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করতে সূর্যকুমার যাদবকে পরামর্শ দেন পাইক্রফ্ট। এই বিষয়ে এসিসি (ACC) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছেও অভিযোগ জানিয়েছে পিসিবি।
